২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আ. লীগের সাংগঠনিক ভিত্তি নড়বড়ে’

আওয়ামী লীগকে খুব শক্তিশালী মনে হলেও এর সাংগঠনিক ভিত্তি নড়বড়ে হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2014, 06:31 PM

Updated : 22 Aug 2022, 06:36 PM

রোববার ফরিদপুরে টিআইবি কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি বলেন, দলটির (আওয়ামী লীগ) স্থানীয় পর্যায়ে নেতাকর্মীরা ক্ষুব্ধ ও হতাশ। পাশাপাশি ক্ষমতার কাছাকাছি থাকা এক শ্রেণির চাটুকার দুর্নীতি ও লুটপাট করে অঢেল টাকার মালিক হচ্ছে। 

কিন্তু এই চক্রকে মোকাবেলা করতে বিএনপির রাজনৈতিক শক্তি সামর্থ্যরে অভাব রয়েছে বলে তিনি মনে করেন।

মধ্যবর্তী নির্বাচন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনীতিতে দৃঢ় ভিত্তি নিয়ে এগোতে না পারলে শুধু টেবিলের আলোচনায় কখনো মধ্যবর্তী নির্বাচন আদায় করে নেওয়া সম্ভব নয়।

টিআইবি নির্বাহী পরিচালক বলেন, দেশে পর্যায়ক্রমে ক্ষমতাসীন হওয়া দুটি দল হলো আওয়ামী লীগ ও বিএনপি। এ দুই দলের সাংগঠনিক দুর্বলতা দেশকে বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে।

টিআইবি সরকারের সঙ্গে অনেক বিষয়য়েই নিবিড়ভাবে একযোগে কাজ করে যাচ্ছে। অনেক সময় সরকারের কোনো কোনো মন্ত্রী টিআইবি নিয়ে বিরূপ মন্তব্য করেন, এটি কাম্য নয়।

তাই টিআইবি সম্পর্কে ভালোভাবে জেনে মন্তব্য করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

ইফতেখারুজ্জামান বলেন, সরকারের অনুমোদন নিয়েই টিআইবি দীর্ঘদিন যাবত নিজেদের উদ্যোগে গবেষণা কার্যক্রম পরিচালনা করে আসছে। এর জন্য প্রয়োজনীয় অর্থও আসছে বৈধভাবে এবং স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে দিয়ে। এটা শাসক দলের ও বিরোধী দলের নেতাদেরও জানা আছে।

“তবু তারা যখন ক্ষমতায় থাকেন তখন তাদের নেতানেত্রীদের খুশি করার জন্য টিআইবিকে গালাগাল দেন, আর যখন ক্ষমতার বাইরে থাকেন তখন টিআইবিকে বাহবা দেন।

“দুর্নীতি সমাজের সকল ক্ষেত্রে যেভাবে আষ্টেপৃষ্ঠে অনুপ্রবেশ করেছে সেখানে দুর্নীতি বিরোধী আন্দোলন চালিয়ে যাওয়া দুরূহ কাজ। আর সে কাজটি করতে গিয়েই আমাদেরকে বিভিন্ন সময় তোপের মুখে পড়তে হয়।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজের বাংলাদেশ সফর শীঘ্রই দেশের রাজনৈতিক অঙ্গনে কোনো বড় ধরনের পরিবর্তন আনতে পারবে বলে আমি মনে করি না।”

বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত টিআইবি কার্যালয়ে এই মতবিনিময় সভায় স্বেচ্ছাসেবী সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক), সজন, ইয়েস গ্রুপ ও ইয়েস ফ্রেন্ড অংশ নেয়।

অন্যান্যের মধ্যে ফরিদপুর সনাকের সভাপতি মুজিবুর রহমান, অধ্যাপক আলতাফ হোসেন, অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী, অধ্যাপক শিপ্রা রায় প্রমুখ উপস্থিত ছিলেন।