২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নালিশের প্রশ্নই ওঠে না: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠকে রাজনৈতিক বিভিন্ন বিষয় আলোচনা হলেও বিএনপির পক্ষ থেকে কোনো নালিশ জানানো হয়নি। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2014, 04:57 PM

Updated : 25 Apr 2022, 04:22 PM

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খালেদা জিয়ার বৈঠকের আলোচনা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে প্রতিক্রিয়ায় শনিবার দলীয় কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

শুক্রবার সকালে সুষমার সঙ্গে বৈঠক করেন খালেদা। এরপর বিকালে শেখ হাসিনা এক সমাবেশে তাকে উদ্দেশ করে বলেন,“দেশের মানুষের সমর্থন না পেয়ে বিদেশি প্রভুদের পা ধরে কান্নাকাটি।”

মির্জা ফখরুল বলেন, “সেখানে স্টেটম্যান্ট অফ ফ্যাক্ট হিসেবে বাংলাদেশে গণতন্ত্র নেই, দেশের ৯৫ ভাগ জনগণ ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করেছে ইত্যাদি বিষয়গুলো আলোচনায় উঠেছে। এটা কোনো নালিশ নয়। নালিশের প্রশ্নই উঠে না।”

“বিদেশিদের কাছে নালিশের অভ্যাস বিএনপির নেই। এই অভ্যাস আওয়ামী লীগেরই আছে। ২০০৬-০৭ সালে বিভিন্ন দূতাবাসে তারাই তৎকালীন সরকারের বিরুদ্ধে নালিশ করেছিল। তার পরিপ্রেক্ষিতে দেশে একটি অগণতান্ত্রিক ও অবৈধ সরকার প্রতিষ্ঠা হয়েছিল,” পাল্টা অভিযোগ করেন তিনি।

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে বিএনপি ওই বৈঠকে গিয়েছিল জানিয়ে আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের কাছে তুলে ধরেন ফখরুল।

“দেশনেত্রী ওই বৈঠকে দুই দেশের বিরাজমান সমস্যার বিষয়গুলো কিভাবে সমাধান করা যায়, তা নিয়ে আলোচনা করেছেন। আমরা আশা করি, ভারতের নতুন সরকার ক্ষমতায় আসায় ওই সব সমস্যার ইতিবাচক সমাধানের পথে এগোবে।”

বাংলাদেশের রাজনৈতিক সমস্যা সমাধানে ভারতের কোনো হস্তক্ষেপ বিএনপি চায় না জানিয়ে ফখরুল বলেন, অভ্যন্তরীণ বিষয়ে সমস্যার সমাধান বাংলাদেশের জনগণই করবে। কিন্তু ৫ জানুয়ারি নির্বাচন নিয়ে পশ্চিমা বিশ্বও বলেছে, তা গ্রহণযোগ্য হয়নি। জাতিসংঘও দ্রুত একটি নির্বাচনের কথা বলেছে। এটা বন্ধুপ্রতীম দেশগুলোর অনুভুতির বিষয়।

ভারতের নতুন সরকারের প্রথম মন্ত্রী হিসেবে সুষমা স্বরাজের সফরের মূল্যায়ন করতে বলা হলে তিনি বলেন, “পত্র-পত্রিকায় দেখেছি, পানি সমস্যা, সীমান্ত হত্যা বন্ধসহ বিভিন্ন বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা হয়েছে। তবে এসব বিষয়ে কনক্রিট কিছুই পাইনি। ভারত আশ্বাস দিয়েছে, আমরা আশা করি বাস্তবায়ন হবে।”

প্রধানমন্ত্রীর বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে ফখরুল বলেন, “এরকম কটূক্তি করে তিনি রাজনীতির পরিবেশকে কলুষিত করছেন। আমরা প্রধানমন্ত্রীর এহেন বক্তব্যের নিন্দা জানাই।

“আমরা মনে করি, যাদের জনগণের কাছে নৈতিক কোনো অবস্থান নেই, তারা মানুষের মনকে বিভ্রান্ত করতে এরকম মিথ্যাচার ও অপপ্রচারের চেষ্টা করছে।”

নারায়ণগঞ্জের উপনির্বাচনের ফলাফলের প্রতিক্রিয়ায় বিএনপির মুখপাত্র বলেন, “আওয়ামী লীগের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না, তার সর্বশেষ প্রমাণ নারায়ণগঞ্জের উপনির্বাচন।

“গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, সকাল থেকে দুপুর পর্যন্ত অনেক কেন্দ্রে ভোটার ছিল না। ভোটের দিন একজন এএসপি বশীর গণমাধ্যমকে বলেছেন, কিভাবে তাকে হুমকি দেয়া হয়েছে।”

“নারায়ণগঞ্জের গোটা নির্বাচনটি ছিল প্রহসনের একটি নির্বাচন। সংবাদপত্রে প্রকাশিত শামীম ওসমানের বক্তব্য সাংবাদিক ও গণমাধ্যমের জন্য রীতিমতো হুমকি। এটা গণতন্ত্র ও রাষ্ট্রের জন্য ভয়ঙ্কর,” বলেন ফখরুল।

পুরনো খবর:

‘বিদেশিদের কাছে কান্নাকাটি বন্ধ করুন’
সুষমাকে খালেদার ‘নালিশ’