ফরমালিন রাজনীতিতেও: ইনু
অসৎ রাজনীতিবিদ আর ফরমালিনযুক্ত ফল মানুষের জন্য সমান ক্ষতিকর বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে ফল উৎসব অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, চাষিরা ফল ফলান আর ব্যবসায়ীরা ফলকে দীর্ঘদিন ধরে তাজা রাখার জন্য ফরমালিন মেশান। সেই ফরমালিন আর কার্বাইড মানবদেহের জন্য ক্ষতিকর।
“আমাদের রাজনীতিতেও ‘ফরমানিযুক্ত’ রাজনীতিবিদ রয়েছেন যাদের ওপর দিয়ে দেখতে ফিটফাট হলেও তারা ফলের ফরমালিনের মতোই ক্ষতিকর।”
“যে রাজনীতিবিদ সাম্প্রদায়িকতা উসকে দেয়, যে রাজনীতিবিদ জঙ্গিবাদকে মদদ দেয়, তারাতো মানুষের জন্য ক্ষতিকর। যা অসাধু ব্যবসায়ীরা ফলে ফরমালিন মেশায়ে করছেন।”
রাজনীতি থেকে ‘ফরমালিন’ দূর করতে হবে জানিয়ে তিনি বলেন, “সাংবাদিকরা পারে এসব রাজনীতিবিদের মুখোশ খুলে দিয়ে জনগণের সামনে তার রূপ তুলে ধরতে।”
মন্ত্রী বলেন, সরকার দেশে ভেজালমুক্ত খাদ্য আন্দোলন শুরু করেছে। খাদ্যের ভেজাল দূর না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।
অনুষ্ঠানে ডিআরইউ সভাপতির শাহেদ চৌধুরীসহ সংগঠনের অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এদিকে অপর এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে গণতন্ত্রের পথে আসার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, “খালেদা জিয়া গণতন্ত্রের ‘নকল মা’। তাকে নিয়ে এদেশে গণতন্ত্র রক্ষা হবে না।”
সকালে জাসদ কার্যালয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে সাংস্কৃতিক ব্যক্তিত্ব বরকত আলীসহ প্রায় শতাধিক সাংস্কৃতিক কর্মী জাতীয় সমাজতান্ত্রিক দলে যোগদান অনুষ্ঠানে তিনি আরো বলেন, “যুদ্ধাপরাধীদের বিচারকে ত্বরান্বিত করতে ও সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে সাংস্কৃতিক কর্মীদের সক্রিয় হতে হবে। মানুষের জীবনের সঙ্গে সম্পর্কিত সাংস্কৃতিক চর্চা করতে হবে।”
