‘প্রতিবন্ধীদের সংখ্যা প্রকাশ নিয়ে রাজনীতি রয়েছে’
দায়িত্ব এড়াতে প্রতিবন্ধীদের প্রকৃত সংখ্যা প্রকাশ নিয়ে রাষ্ট্রীয়ভাবে ‘রাজনীতি’ হয় বলে অভিযোগ করেছেন তথ্য কমিশনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাদেকা হালিম।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ফার্মগেইটে ‘দি ডেইলি স্টার’ পত্রিকার কনফারেন্স রুমে গণমাধ্যমকর্মীদের জন্য বেসরকারি উন্নয়ন সংস্থা সাইটসেভার্স আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
‘প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বাধামুক্ত একীভুত সমাজ’ শীর্ষক ওই কর্মশালায় সাদেকা হালিম বলেন, “প্রতিবন্ধীদের প্রকৃত সংখ্যা নির্ণয়ে রাষ্ট্রের রাজনীতি রয়েছে। তাদের প্রকৃত সংখ্যা প্রকাশ হলে রাষ্ট্রের দায়িত্ব আরো বেড়ে যায়। সেদিকে আরো নজর দেয়ার দরকার হয়।
“তাই অনেক সময়ই প্রতিবন্ধীদের প্রকৃত সংখ্যাটা প্রকাশ হয় না। সাংবিধানিকভাবে মানুষের কিছু মৌলিক অধিকার আছে। সেটি নিশ্চিত করা অবশ্যই রাষ্ট্রের দায়িত্ব। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিতে রাষ্ট্রের দায়িত্ব সবচেয়ে বেশি।”
সাদেকা হালিম প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিতে তার নেয়া একটি পদক্ষেপের উদাহরণ টেনে বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি কিছু প্রতিবন্ধী শিক্ষার্থীকে ফ্লেক্সিলোডের ব্যবসায় জড়িত হবার ব্যবস্থা করে দিয়েছিলাম।
“একসময় তারা অভিযোগ করলো, ছাত্র সংগঠনের কিছু ছেলে তাদের কাছে চাঁদা চাইছে। আমি নিজে ওদের মধুর ক্যান্টিনে ডেকে শাসন করে দিয়েছিলাম”।
প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় কাজ কেবল সমাজকল্যাণ মন্ত্রণালয়ে সীমাবদ্ধ না রাখতেও সরকারের কাছে আহ্বান জানিয়েছেন সাদেকা হালিম।
কর্মশালায় সেন্টার ফর ডিজএবিলিটি ইন ডেভেলপমেন্ট-এর নির্বাহী পরিচালক এ এইচ এম নোমান খান বলেন, “চাকুরিক্ষেত্রে মেধার ভিত্তিতেই যেন প্রতিবন্ধী কোটা পূরণ হয়, সেদিকে সংশ্লিষ্টদের সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের হেয় করে না দেখে তারা যে আমাদের পরিবারেরই মানুষ সেটি মনে রাখতে হবে।”
ট্রাস্টি ইমপ্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশের কর্মকর্তা মনসুর আহমেদ চৌধুরী বলেন, “প্রতিবন্ধীদের সংখ্যা নিয়ে এখনো বিভ্রান্তি রয়েছে। তবে বিভিন্ন পরিসংখ্যান থেকে জানা গেছে এদেশে প্রায় ২ কোটির বেশি প্রতিবন্ধী মানুষ রয়েছেন।”
প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজে কারো করুণা নিয়ে নয় বরং নিজেদের মেধা দিয়েই অবস্থান করে নিতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ভিজুয়ালি ইম্পেয়ার্ড পিপলস সোসাইটির (ভিপিআইপিএস)-এর সভাপতি মোশাররফ হোসেন মজুমদার, সাইটসেভার্স বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ গোলাম কিবরিয়া প্রমুখ।
