২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের বিচার হবেই: তোফায়েল

যুদ্ধাপরাধীদের বিচার হবেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2014, 08:15 PM

Updated : 22 Aug 2022, 06:35 PM

বৃহস্পতিবার বিকেলে ধানমণ্ডির ডব্লিউভিএ মিলনায়তনে শহীদজননী জাহানারা ইমামের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত ‘বাংলাদেশের শিক্ষাব্যবস্থা ও মুক্তিযুদ্ধের চেতনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, “বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার হবেই। কোনো শক্তি একে বানচাল করতে পারবে না।”

“কয়েক দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম, স্বাধীনতা বিরোধী চক্র যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে নানা অপপ্রচার চালাচ্ছে। আবারও বুঝতে পারলাম, স্বাধীনতা বিরোধী চক্র এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।”

এই চক্রকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করার ওপর গুরুত্ব আরোপ করেন আওয়ামী লীগের এই গুরুত্বপূর্ণ নেতা।

“একাত্তরে জাতির জনকের নেতৃত্বে একটি চেতনায় বিশ্বাসী হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। আজও সে চেতনায় অবিচল আছি। ভবিষ্যতেও আমি অন্তত আপনাদের পাশে আছি।”  

অনুষ্ঠানে অর্থনীতিবিদ আবুল বারাকাতকে ‘জাহানারা ইমাম স্মৃতিপদক’ প্রদান করা হয়।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেন, “২৪ এপ্রিল যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর রায় পেছানো হয়েছে। এটি দেশবাসীর কাছে অপ্রত্যাশিত।”

‘জামায়াতের কূটকৌশলের কাছে আমরা আজও পরাজিত হচ্ছি’ মন্তব্য করে তিনি বলেন, “এতে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের ব্যর্থতা রয়েছে। তারা আদালতকে বোঝাতে ব্যর্থ হয়েছে, এমন বিচার আগে কখনো এদেশে হয়নি। অসুস্থতার কথায় রায় পেছানো হলে তা ভবিষ্যতে ভয়ানক প্রভাব ফেলবে।”

ভবিষ্যতে প্রয়োজনে যুদ্ধাপরাধ মামলায় ট্রাইব্যুনাল যেন কারাগারে গিয়ে ‘অসুস্থ’ আসামীকে রায় শুনিয়ে আসতে পারে, এমন আইন করারও পরামর্শ দেন তিনি।

অধ্যাপক জাফর ইকবাল বলেন, “পাঠ্য বইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের দেশপ্রেমের শিক্ষা নিতে হবে।”

বাংলাদেশের শিক্ষাব্যবস্থার অসঙ্গতির কথা তুলে ধরে তিনি বলেন, “এখানে প্রশ্নপত্র ফাঁস হয়। ছাত্ররা টাকা দিয়ে কোচিং করতে বাধ্য হয়। টাকায় প্রাকটিক্যাল খাতায় নম্বর মেলে।”

দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ার জন্য ছেলেমেয়েদের শিক্ষার পেছনে ব্যয় করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

এছাড়া আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্যারিস্টার সৈয়দ আমীর-উল ইসলাম, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সহ-সভাপতি মুনতাসীর মামুন, শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী, প্রজন্ম একাত্তরের সভাপতি সাংবাদিক জাহিদ রেজা নূর প্রমুখ।