‘ছাত্রলীগ নেতাকে লোকাল বাসযাত্রী বলায় বিপত্তি’
কক্সবাজার জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে লোকাল বাসের যাত্রী বলে ফেসবুকে মন্তব্য করার পর শৃঙ্খলাভঙ্গে অভিযোগে এক নেতাকে বহিষ্কার করে বিবৃতি দিয়েছেন ওই দুই নেতা।
মঙ্গলবার জেলা ছাত্রলীগ সভাপতি আলী আহমদ ও সাধারণ সম্পাদক আবু তাহের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ বহিষ্কারের কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলাভঙ্গের কারণে জেলা ছাত্রলীগের সহসভাপতি হিল্লোল দাশকে বহিষ্কার করা হয়েছে।
এছাড়া স্থায়ী বহিষ্কার কেন করা হবে না তার কারণ জানাতে নোটিশও দেয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।
তবে, এভাবে তারা তাকে বহিষ্কার করতে পারেন না বলে দাবি করেছেন হিল্লোল।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সম্প্রতি সভাপতি আলী আহমদ তার ফেইসবুকে একটি ছবি আপলোড করেছেন। ওই ছবিটিতে দেখা যায়- জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক বিমানে ঢাকা যাওয়ার সময় কক্সবাজার বিমানবন্দরে রয়েছেন।
ওই ছবির নিচে বিভিন্ন জন ভিন্ন ভিন্ন মন্তব্য করেন। হিল্লোলও একটি মন্তব্য করেন।
হিল্লোল বলেন, ছবির নিচে তিনি লেখেন- “লোকাল বাসের প্যাসেঞ্জার এখন বিমানের যাত্রী। একেই বলে ছাত্র রাজনীতি।”
এ মন্তব্য দেখার পরপরই জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তাকে বহিষ্কার করে বিবৃতি দেন বলে হিল্লোল দাশ দাবি করেন।
হিল্লোল আরো জানান, এভাবে তাকে বহিষ্কার করার ক্ষমতা তাদের নেই। এটা করতে পারে কেন্দ্রীয় কমিটি। তাই এটা কার্যকর নয়।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগ সভাপতি আলী আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হিল্লোলের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ রয়েছে। বিভিন্ন কাজে দলের ভাবমূর্তিও তিনি ক্ষূণ্ন করেছেন।
তবে, কী ধরনের শৃঙ্খলাভঙ্গ কিংবা কীভাবে সংগঠনের ভাবমূর্তি তিনি ক্ষুণ্ন করেছেন তা পরিষ্কার করতে পারেননি আলী আহমদ।
ফেইসবুকে লোকাল বাসের যাত্রী বলায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে কি না সে ব্যাপারে তিনি কোনো মন্তব্য করেননি।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের জানান, ফেইসবুকে মন্তব্য করার কারণে নয়, দলীয় কর্মসূচিতে ধারাবাহিক অনুপস্থিতসহ নানা কারণে তাকে বহিষ্কার করা হয়েছে।
