'আদালতের রায়ে সমাধান আসবে না'
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের বিষয়ে উচ্চতর আদালতের রায়ে অসন্তোষ প্রকাশ করে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেছেন, আদালতের রায়ে সমাধান হবে না।
শুক্রবার সকালে এক আলোচনা সভায় তিনি বলেন, ‘‘আমরা মনে করি, ৫ জানুয়ারি কোনো নির্বাচন হয়নি। দেশে যে সঙ্কট চলছে, এর সমাধান সংলাপের মাধ্যমে করতে হবে। আদালতের রায়ে এর সমাধান আসবে না। সঙ্কটের সমাধান চাইলে সব দলের অংশগ্রহনমূলক একটি সুষ্ঠু নির্বাচনের উদ্যোগ সরকারকেই নিতে হবে।’’
তিনি মনে করেন, রাজনৈতিক বিষয়ের ফয়সালা আদালতে হয় না।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী রফিকুল বলেন, ‘‘আদালতের রায় যা-ই হোক না কেন, দেশের মানুষ জানে ৫ জানুয়ারি কীভাবে ভোট ছাড়া নির্বাচন হয়েছে। কতো ভোট সরকারের পক্ষে পড়েছিলো।
‘‘আমরা স্পষ্টভাষায় বলতে চাই, রিট দিয়ে দেশ চলে না। দেশ চলে জনগণের রায়ে। এই সরকার জনগণের ম্যান্ডেট পায়নি। ওই নির্বাচনে তারা ৫ থেকে ৬ ভাগ ভোট পেয়েছে। পচানব্বইভাগ মানুষ ভোট দিতে যায়নি।’’
বৃহস্পতিবার ভোট ছাড়াই নির্বাচিত হওয়ায় তাদের বৈধতার প্রশ্ন তুলে করা একটি আবেদন খারিজ করে দিয়ে হাই কোর্ট বলেছে, এই ১৫৩ জনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের বৈধতা নিয়ে ভোট বর্জনকারী বিএনপির প্রশ্ন তোলার মধ্যেই কোনো সংসদীয় আসনের একক প্রার্থীকে সংসদ সদস্য ঘোষণার বিধান সম্বলিত গণপ্রতিনিধিত্ব আদেশের ১৯ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদনটি করা হয়।
গত ডিসেম্বরে এই রিট আবেদনটি করেছিলেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও স্বনির্ভর গ্রুপের চেয়ারম্যান আব্দুস সালাম।
ফাইল ছবি
১৫ জুন কালশীতে আটকে পড়া পাকিস্তানিদের ক্যাম্পে সংঘর্ষ ও অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনা টেনে রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘‘ গণমাধ্যমে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে খবর বেরিয়েছে, শাসক দলের লোকজন পুলিশের সহযোগিতায় ওই হত্যাযজ্ঞ চালিয়েছে।
‘‘আইয়্বুব, ইয়াহিয়া এমনকি এরশাদের মতো সামরিক শাসনামলেও এভাবে মানুষ হত্যা করা হয়নি। যা আওয়ামী লীগের শাসনামলে হচ্ছে।’’
‘গডফাদার ও সন্ত্রাসীদের’ রক্ষায় সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন বিএনপি'র স্থায়ী কমিটির এই নেতা।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ওসমান গনির সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান গোলাম মূর্তজা, সাংবাদিক সাদেক খান, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, সাবেক ছাত্র নেতা এ বি এম মোশাররফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
