২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এখনো বলছি, সংলাপে আসুন: ফখরুল

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানে সংলাপের উদ্যোগ নিতে সরকারকে আবার আহ্বান জানিয়েছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2014, 07:17 PM

Updated : 22 Aug 2022, 06:31 PM

ঈদের পর আন্দোলন শুরুর ঘোষণা দিয়ে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের একদিন বাদে বুধবার এক অনুষ্ঠানে বক্তব্যে সংলাপের আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

“এখনো বলছি, আমরা সরকারের সঙ্গে অর্থবহ সংলাপ করতে চাই। আমরা সমঝোতার মাধ্যমে অতিদ্রুত নির্বাচন চাই। সরকারকে বলব, আর কাল বিলম্ব না করে গুম-খুন-নির্যাতন বন্ধ করে সুস্থ মন নিয়ে সংলাপে বসুন।”

বিএনপি সংলাপের আহ্বান জানিয়ে এলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের সে দাবি নাকচ করে আসছে।

সংলাপ না হলে বিএনপির সামনে আন্দোলন ছাড়া কোনো পথ থাকবে না বলেও সরকারকে হুঁশিয়ার  করেন ফখরুল।  

“দখলদার সরকার বলছে, সংলাপ হবে না। আমরা স্পষ্টভাষায় বলে দিতে চাই, সংলাপ না হলে জনগণের অভ্যুত্থানে সুষ্ঠু নির্বাচন দিতে তাদের বাধ্য করা হবে।”

জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি)উদ্যোগে ‘সারাদেশে গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মহাসংকটের আবর্তে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন ফখরুল।

খালেদা জিয়াকে ‘জনগণের নেত্রী’ আখ্যা দিয়ে বিএনপির মুখপাত্র বলেন, “৫ জানুয়ারির নির্বাচনে ৯৫ ভাগ মানুষ তার ডাকে সাড়া দিয়ে নির্বাচন বর্জন করেছে। তার সঙ্গে ৯৫ ভাগ জনগণ আছে। তাই সংলাপ কিংবা আলোচনা তার সঙ্গেই করতে হবে।”

খালেদা জিয়া বিরোধীদলীয় নেতাও নন বলে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে তিনি বলেন, “আপনিও তো প্রধানমন্ত্রী নন। কারণ ৫ জানুয়ারি দেশের ৯৫ ভাগ মানুষ আপনাকে ভোট দেয়নি।”

সরকারের বিরুদ্ধে বিরোধী মত দমনের অভিযোগ তুলে ফখরুল  বলেন, “গ্রাম্য দুষ্ট মোড়লরা তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে যেভাবে ঘায়েল করে আজ সরকার রাষ্ট্রীয়ভাবে বিরোধী দল নির্মূলে সেই কাজ করছে।

“গুম-খুনের পাশাপাশি একের পর এক নতুন নতুন মামলা দিচ্ছে। এছাড়া আছে ১/১১ শাসনামলে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাসমূহ। উদ্দেশ্য একটাই, বিরোধী দলকে নিশ্চিহ্ন করে চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকা।”

২০১৩ সালের জানুয়ারি থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত গুম-খুনের ঘটনায় দলীয় পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, “ওই সময়ের মধ্যে আমাদের ৩১০ জন নেতা-কর্মী খুন হয়েছেন। এরমধ্যে ৩৭ জন গুম হয়েছেন।”

গুম-খুনের সঙ্গে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান-র‌্যাবের জড়িত থাকার ঘটনাবলীও তুলে ধরেন ফখরুল।

মিরপুরের কালশীতে ‘বিহারি ক্যাম্পে’ সংঘাতের প্রসঙ্গে ফখরুল বলেন, “আজ বিভিন্ন পত্রিকায় খবর বেরিয়েছে, ডিসি‘র প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের সামনে বিহারি ক্যাম্পে তালা বন্ধ করে ঘরে আগুন লাগানো হয়। এই যদি হয়, আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা, তাহলে আমরা কোথায় যাব?”

সরকারের ‘দুর্নীতির’ চিত্র তুলে ধরে বলেন, “আজকের খবর হচ্ছে- চীনের সঙ্গে পদ্মা সেতু নির্মাণের প্রকল্প সই হয়েছে। ভালো কথা। কিন্তু কেন বিশ্ব ব্যাংক এই সেতু প্রকল্প থেকে সরে গেল? চুরির জন্য। এখন জনগণের পকেট থেকে অর্থ নিয়ে এই সেতু করা হচ্ছে।”

এনপিপি চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু‘র সভাপতিত্বে এই আলোচনা সভায়  লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় দলের সভাপতি সৈয়দ এহসানুল হুদা, ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া, কল্যাণ পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব এম এম আমিনুর রহমান, জাগপা‘র যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান, এনপিপি‘র মহাসচিব ফরিদুজ্জামান ফরহাদ, সভাপতিমণ্ডলীর সদস্য জহির হোসেন হাকিম বক্তব্য রাখেন।