চট্টগ্রাম আ. লীগের ব্যানার ব্যবহারে নির্দেশনা
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ‘শৃঙ্খলা’ বজায় রাখতে সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমোদন ছাড়া দলীয় ব্যানার ব্যবহার করে কোনো সভা-সমাবেশ না করার সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার নগরীর দারুল ফজল মার্কেটে নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দলীয় ব্যনার ব্যবহার করে কেউ কেউ সভা-সমাবেশ করছেন।
“ব্যক্তি উদ্যোগে বা সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের ব্যনারে যে কেউ অনুষ্ঠান করতে পারেন। কিন্তু সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমোদন ছাড়া এ ধরনের রাজনৈতিক কর্মসূচি পালন করা যাবে না।”
কোন নেতার বিষয়ে এই ধরনের অভিযোগ এসেছে- জানতে চাইলে নাছির কারো নাম বলেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক নগর আওয়ামী লীগের এক সাংগঠনিক সম্পাদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম দলীয় ব্যানারে বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ করছেন।
সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালম নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ।
নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সভার সিদ্ধান্তের বিষয়টি সিডিএ চেয়ারম্যানকেও জানাবেন নগর কমিটির সাধারণ সম্পাদক।
নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর হাত ধরেই নগরীর রাজনীতিতে সক্রিয় হন আবদুচ ছালাম। নবম জাতীয় সংসদ নির্বাচনের পর তাকে সিডিএ চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়।
২০১০ সালে সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে আবদুচ ছালামের সঙ্গে মহিউদ্দিনের দূরত্ব বাড়তে থাকে।
মঙ্গলবারের সভায় দলীয় প্রতিষ্ঠাবার্ষিকী, কর্ণফুলী নদী সুরক্ষা ও ওয়ার্ড পর্যায়ে স্বাস্থ্য ক্যাম্প বিষয়ে সিদ্ধান্ত হয়।
নগর কমিটির সাংগঠনিক সম্পাদক শফিক আদনান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কর্ণফুলী নদী দখল ও দূষণ মুক্ত রাখার দাবিতে ২১ জুন বিকালে নদী তীরে মানববন্ধন করা হবে।
২৩ জুন দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালদীঘি ময়দানে আলোচনা সভা ও শোভাযাত্রা করা হবে। ২৪ ও ২৫ জুন পূর্ব ষোলশহর ওয়ার্ডে স্বাস্থ্য ক্যম্প করা হবে।
সাধারণ সম্পাদক আ জ ম নাছির বলেন, যেসব সাংগঠনিক ইউনিট পূর্ণাঙ্গ হয়নি তাদের শেষবারের মত সতর্ক করা হবে। তারা কমিটি পূর্ণাঙ্গ করতে ব্যর্থ হলে আহ্বায়ক কমিটি করে দেয়া হবে।
মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নগর কমিটির সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, মাহতাব উদ্দিন চৌধুরী, সুনীল সরকার, জহিরুল আলম দোভাষ, যুগ্ম সম্পাদক বদিউল আলম, এম এ রশিদ প্রমুখ।
