খালেদাকে ‘মেডিটেশনের’ পরামর্শ
নিজেকে বাংলাদেশের ৯৫ শতাংশ মানুষের নেত্রী হিসেবে তুলে ধরা খালেদা জিয়া মানসিকভাবে বিপর্যস্ত বলে দাবি করেছেন আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ।
“তিনি (খালেদা) জঙ্গিদের নেত্রীতে পরিণত হয়েছেন। এখন রাজনীতির মূলধারায় ফিরে আসতে হলে তিনি ও তার পুত্রসহ দলের নেতৃবৃন্দের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতার জন্য নিয়মিত মেডিটেশন প্রয়োজন।”
খালেদা জিয়ার বক্তব্যের জবাবে মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় একথা বলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
তিনি আরো বলেন, “তিনি (খালেদা) দাবি করেছেন, ৯৫ শতাংশ মানুষ তার সঙ্গে রয়েছেন। তিনি এখানে একটু ভুল করেছেন। দেশের ৯৫ ভাগ নৈরাজ্য সৃষ্টিকারী, বোমা হামলাকারী ও অগ্নিসংযোগকারী তার সঙ্গে রয়েছেন, মানুষ নয়।”
নির্বাচন ছাড়া অন্য যে কোনো বিষয়ে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সংলাপে আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে বলে জানান হাছান মাহমুদ।
পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে হাছান মাহমুদ বলেন, “ইদানিং লক্ষ্য করা যাচ্ছে, আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গসংগঠনে অনেক অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে। এদের বিষয়ে সতর্ক থাকতে হবে।”
সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদও বক্তব্য রাখেন।
