২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ নেতা আহত প্রতিপক্ষের হামলায়

রাজশাহীর বাগমারা উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে মারধর করে আহত করেছে দলে তার প্রতিপক্ষের লোকজন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2014, 04:45 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

রোববার দুপুরে পুলিশের কাছে নিরাপত্তা চেয়ে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুস সালাম (৪৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, দুপুরে আব্দুস সালাম মোটরসাইকেলে বাগমারা থানা থেকে নিজ গ্রাম চেউখালীতে ফিরছিলেন। ১টার দিকে তিনি ভবানীগঞ্জ-আত্রাই সড়কের দাসপাড়া পৌঁছালে ১৫/২০ জনের একটি দল তার মোটরসাইকেল থামিয়ে টেনে হিচড়ে নামিয়ে পেটাতে থাকে।

তারা তাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়।

খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আব্দুস সালাম জানান, প্রতিপক্ষ গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক আক্কাছ আলী তাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন।

রোববার দুপুরে থানায় গিয়ে বিষয়টি জানিয়ে নিরাপত্তা চান তিনি। পরে পুলিশ প্রহরায় বাড়ি ফিরছিলেন। পুলিশ পাঁচ কিলোমিটার পর্যন্ত এগিয়ে দিয়ে চলে যাওয়ার পরেই তার উপর হামলা হয় বলে জানান আব্দুস সালাম।

বাগমারা থানার ওসি আবু ওবায়দা খান জানান, আওয়ামী লীগের দুই নেতার মধ্যে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে।

তিনি বলেন, ভবানীগঞ্জ এলাকায় হামলার আশংকা করেছিলেন আব্দুস সালাম। পুলিশ তাকে সে এলাকা পার করে দিয়েছিল। তার অনুমতি নিয়েই পুলিশ যাত্রাগাছি থেকে ফিরে আসে।