২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না থেকেও খালেদা সংসদে

নির্বাচন বয়কট করে বিরোধীদলীয় নেতার আসন হারানো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাম সংসদে ফিরিয়ে আনলেন আওয়ামী লীগের সংসদ সদস্যরা।   

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2014, 12:03 AM

Updated : 22 Aug 2022, 06:29 PM

প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বৃহস্পতিবার ক্ষমতাসীন দলের সংসদ সদস্যরা একযোগে সমালোচনা করেছেন বিএনপি চেয়ারপারসনের।

এছাড়া অনির্ধারিত আলোচনায় দাঁড়ানো সাবেক মন্ত্রী হাছান মাহমুদের বাক-আক্রমণের লক্ষ্য ছিল খালেদার ছেলে তারেক রহমান, যিনি একদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রিমান্ডে নেয়ার দাবি তুলেছিলেন।

সংলাপের আহ্বান জানিয়ে খালেদার বক্তব্যের জবাবে সংসদ সদস্য আলী আশরাফ বলেন, “বিএনপি নেত্রী এখন সংলাপ চান। আন্দোলনের নামে প্রায় দেড় শতাধিক মানুষকে হত্যা করলেন কেন, তার আগে জবাব দিন। দেশের বিপুল পরিমাণ সম্পদ বিনষ্ট করলেন তার ক্ষতিপূরণ দিন।”

“খালেদা জিয়া বলেন, বর্তমান সরকার নাকি অবৈধ। আবার অবৈধ সরকারের সঙ্গে যে কোনো সময় সংলাপে বসতে চান। আসলে খালেদা জিয়ার সব কথাই পরস্পরবিরোধী।”

খালেদার সমালোচনার পর বাজেটের আলোচনায় ফিরে কুমিল্লার এই সংসদ সদস্য বলেন, “করের নেটওয়ার্ক আরো বৃদ্ধি করা দরকার। এই বাজেট বাস্তবায়ন করে শেখ হাসিনার সরকার বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে সামিল করবেই।”

টাঙ্গাইলের একাব্বর হোসেন বলেন, “বন্দুকের নলের মাধ্যমে অবৈধভাবে বিএনপির জন্ম হয়েছে বলেই দলটির নেতারা সবকিছুতেই অবৈধ দেখেন। অবৈধ দলের নেতাদের মুখে অবৈধ শব্দটি শোভা পায় না।

“বিএনপি যতই হম্বিতম্বি করুক, আগামী পাঁচ বছর পরই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে। ষড়যন্ত্র-চক্রান্ত করে কোন লাভ হবে না।”

Image
বুধবার গুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বুধবার গুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

হাবিব-এ-মিল্লাত বলেন, “জনবিচ্ছিন্ন বিএনপি এখন দিশেহারা হয়ে আবোল-তাবোল বকছে। বিশাল বাজেট দেখে স্বশিক্ষিত খালেদা জিয়া হতভম্ব হয়ে গেছেন, তার পক্ষে বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানানো যে সম্ভব নয় তা দেশবাসী ভালো করেই জানেন।”

তারেকের সমালোচনা করে তিনি বলেন, “তারেক রহমান নাকি অসুস্থ। অসুস্থ্ হলে মালয়েশিয়ায় কিভাবে যান? বিদেশ ঘুরতে পারেন, কিন্তু দেশে আসার সাহস দেখাতে পারেন না।

“বাবা ম্যাট্রিক পাস করে রাষ্ট্রপতি হয়েছেন, মা পড়াশুনা না করেই প্রধানমন্ত্রী হয়েছেন। তাই তারেক জিয়ার শখ হয়েছে মাট্রিক পাস করেই ব্যারিস্টারি পাস করা। কিন্তু লন্ডনে এটা অসম্ভব।”

বাজেটের ওপর এদিন আলোচনায় আরো অংশ নেন গোলাম মোস্তফা বিশ্বাস, শামসুন্নাহার বেগম, মাহফুজা আয়েশা খান, কাজী রোজী ও সাবিহা খান।

সংসদে অনুপস্থিত ব্যক্তির বিরুদ্ধে বক্তব্য দেয়ার ক্ষেত্রে কার্যপ্রণালী বিধিতে নিষেধাজ্ঞা থাকলেও হাছান মাহমুদ পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে তারেক রহমানকে উদ্দেশ করে আরাফাত রহমানের জন্ম নিয়েও কথা বলেন।

“ইতিহাস বিকৃতি না ঘটিয়ে আপনার ভাই আরাফাত রহমান কোকোর জন্ম পরিচয় নিয়ে মানুষের মনে যে প্রশ্ন আছে, তার উত্তর দিয়ে রহস্য খোলাসা করুন। আপনার পরিবার নিয়ে যে প্রশ্ন আছে তার সুরাহা করুন।”

জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী, সংসদ পরিচালনায় সংবিধান, কার‌্যপ্রণালি বিধি এবং সংসদীয় রীতির লঙ্ঘন হলে কোনো সদস্য পয়েন্ট অব অর্ডারে (বৈধতার প্রশ্ন) স্পিকারের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। তবে সংসদে অনুপস্থিত কোনো ব্যক্তির বিরুদ্ধে বক্তব্য দেয়ার বিষয়ে কার‌্যপ্রণালী বিধিতে নিষেধাজ্ঞা আছে। 

জিয়াউর রহমানের মৃত্যুর জন্য শেখ হাসিনাকে দায়ী করে বুধবার মালয়েশিয়ায় এক সভায় বক্তব্যে শেখ হাসিনাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি তোলেন হুলিয়া নিয়ে বিদেশে থাকা তারেক। তার এর আগের কয়েকটি বক্তব্যও বিতর্কের সৃষ্টি করেছিল।

হাছান মাহমুদ বলেন, “তারেক জিয়া ইতিহাস বিকৃতি ঘটাচ্ছে। এই অর্বাচীনকে নিয়ে কথা বলার ইচ্ছা ছিল না। কিন্তু পত্র-পত্রিকায় এগুলো প্রচার হচ্ছে। আমি সাংবাদিকদের আহ্বান জানাই, কেউ যদি অর্বাচীনের মতো কথা বলে, সেটা না ছাপালে জাতি উপকৃত হবে।”

আওয়ামী লীগের এই নেতা আরো বলেন, “ভাত ছিটালে কাকের অভাব হয় না। উচ্ছিষ্ট থেকে কাক আসে। জিয়াউর রহমান ক্ষমতার উচ্ছিষ্ট ছিটিয়েছিলেন। সেই উচ্ছিষ্ট খেতে আসা কাকের সমাহার বিএনপি, যার নেত্রী খালেদা জিয়া।”

জিয়ার হত্যার পেছনে খালেদা জিয়ার যোগসাজশ রয়েছে দাবি করে হাছান মাহমুদ বলেন, “নাহলে জিয়া হত্যার সময় তার পাশের রুমে থাকা বদরুদ্দোজা চৌধুরীর দরজায় টোকাও পড়লো না? খালেদা জিয়া তাকে পুরস্কৃত করার জন্য রাষ্ট্রপতি বানালেন।

“বিএনপি ক্ষমতায় ছিল, কিন্তু জিয়া হত্যার বিচারের উদ্যোগ নেননি। এর কারণ হলো-হত্যার সঙ্গে খালেদা জিয়া আর বদরুদ্দোজা চৌধুরী জড়িত ছিল।”

“খালেদা জিয়া তার স্বামীর কবর জিয়ারত করতে যান। কিন্তু চোখে কালো চশমা আর সাজগোজের কমতি দেখি না। এর কারণ হচ্ছে, উনি জানেন, ওই কবরে জিয়ার লাশ নেই,” বলেন হাছান।

পুরনো খবর:

সংলাপে যে কোনো সময় ‘রাজি’ খালেদা
শেখ হাসিনাকে রিমান্ডে নেয়ার দাবি তারেকের
‘শেখ মুজিব ব্যর্থ, জিয়া সফল রাজনীতিক’