সম্পূরক বাজেটে ছাঁটাই প্রস্তাব নেই বিরোধী দলের
বিরোধী দল হিসাবে সংসদে কার্যকরী ভূমিকা পালনের কথা বললেও চলতি ২০১৩-১৪ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর কোনো ছাঁটাই প্রস্তাব দেয়নি জাতীয় পার্টি।
সোমবার বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সম্পূরক দাবি উত্থাপন করেন সংশ্লিষ্ট মন্ত্রিরা।
স্বতন্ত্র সদস্য রুস্তম আলী ফরাজী এসব দাবির পরিপ্রেক্ষিতে ২৭টি মিতব্যয়, নীতি অননুমোদন ও প্রতীকী ছাঁটাইয়ের দাবি তোলেন।
এসবের মধ্যে স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, শিক্ষা, ধর্ম, দুদক ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মঞ্জুরি দাবিগুলো নিয়ে আলোচনাও করেন এই সংসদ সদস্য। যদিও তার প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়।
চলতি অর্থ বছরের সম্পূরক বাজেটে ছাঁটাই প্রস্তাব না দেয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে বিরোধীদলীয় প্রধান হুইপ তাজুল ইসলাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওটা আসলে আমাদের দেয়া হয়নি। আমার শরীর খারাপ ছিলো। আসতে পারেনি। আজকেই মাত্র আসলাম।
“তবে আমরা মঞ্জুরি দাবি ওঠানোর বিরোধিতা করবো।”
যদিও সম্পূরক দাবি ওঠানোর সময় বিরোধী দলের কোনো সদস্য বিরোধিতাও করেননি। দাবিগুলো স্পিকার কণ্ঠভোটে দিলে তাতে ‘না’-ও বলেননি তারা।
সোমবার জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ সম্পূরক বাজেটের আলোচনায় বলেন, “ধারাবাহিকভাবে গত ৪৩ বছরে যেভাবে সংসদে বিরোধী দল ছিলো, সেভাবে আমরাও অতিবাহিত করবো।”
সংসদে বাজেট উপস্থাপনের পর শুক্রবার সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, “এবার অবশ্য বিরোধী দল ছিল, তা যেমন ধরনের বিরোধী দলই হোক না কেন।”
বাজেট অধিবেশনে উপস্থিত বিরোধীদলকে নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ‘তাচ্ছিল্যপূর্ণ’ কথায় বেদনাহতও হন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
