বিরোধী দলের মত হতে চায় জাতীয় পার্টিও
স্বাধীনতার পর সংসদে বিরোধী দলগুলো যে ভূমিকায় ছিল এবার জাতীয় পার্টিও সেভাবে থাকতে চায় বলে জানিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ।
সম্পূরক বাজেট আলোচনায় অংশ নিয়ে সোমবার অর্থমন্ত্রী, প্রধান হুইপ, পাট, স্বরাষ্ট্র, বন ও ধর্ম মন্ত্রণালয়ের কঠোর সমালোচনা করেন তিনি।
বিএনপিবিহীন দশম সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির উপস্থিতিতে বৃহস্পতিবার আগামী অর্থবছরের বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী মুহিত, যা নবম সংসদে ঘটেনি।
শুক্রবার অর্থমন্ত্রী বাজেটোত্তর এক সংবাদ সম্মেলনে বলেন, “এবার অবশ্য বিরোধী দল ছিল, তা যেমন ধরনের বিরোধী দলই হোক না কেন।”
আলোচনায় অংশ নিয়ে ফিরোজ রশীদ বলেন, গত ২০ বছরে বাজেট নিয়ে সরকারি দল ও বিরোধী দল একই ভাষায় কথা বলেছে।
সরকারি দল দাবি করে-তাদের বাজেট শ্রেষ্ঠ বাজেট। এমন বাজেট পৃথিবীর কোথাও নেই। আর বিরোধী দল ওই বাজেট ঘৃণাভরে প্রত্যাখ্যান করে।
“কিন্তু আমরা এ সংসদে থেকে পূর্ণাঙ্গ আলোচনার জন্যে প্রস্তুত আছি। আমরাও চাই-সংসদ কার্যকর হোক, প্রাণবন্ত হোক। সরকারের সব অনিয়ম তুলে ধরব। ধারাবাহিকভাবে গত ৪৩ বছরে যেভাবে সংসদে বিরোধী দল ছিল, সেভাবে আমরাও অতিবাহিত করবো।”
একথা বলেই প্রধান হুইপ আ স ম ফিরোজের সমালোচনায় মুখর হন ফিরোজ রশীদ।
তিনি বলেন, প্রধান হুইপের ৪/৫টি বাড়ি রয়েছে। কে থাকে, কোথায় বাসা রয়েছে সব পত্রিকায় এসেছে।
ফিরোজী রশীদ বলেন, “উনি [প্রধান হুইপ] তো বলেন নি নেই। আজও পত্রিকায় এখবর রয়েছে। এটা হয়ে থাকলে সঠিক কাজ করেন নি। জনগণের টাকা এভাবে অপচয় ঠিক নয়। আপনি জায়গায় জায়গায় খানকায়ে শরিফ খুলবেন আর জনগণ মোমবাতি জ্বালাবে তা তো হয় না।”
বেসিক ব্যাংক, হলমার্ক, বিছমিল্লাহ গ্রুপের ‘অনিয়ম, দুর্নীতির’ কথা তুলে ধরে অর্থমন্ত্রীর কঠোর সমালোচনা করেন জাতীয় পার্টির এ নেতা।
“ভারতের সোমনাথ মন্দিরে লুটপাটের পরে এতো বড় লুটের ঘটনা আর ঘটে নি। পর্ষদ মিলে হাজার হাজার কোটি টাকা তুলে নিয়ে যায়, অথচ এর কোনো জবাব নেই। আজ একেক টা ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে। আজ পর্যন্ত বিচার হলো না।”
অনিয়মের জন্য কয়েকটি দুষ্টু লোককে শাস্তি দিতে না পারায় অর্থমন্ত্রীকে দোষারোপ করেন তিনি।
“আল্লাহর দরবারে বিচার হবে। কয়েকজন দুষ্টু লোককে আপনি সাজা দিতে পারলেন না, আর সাজা খাটছি আমরা।”
তিনি বলেন, “ধর্ম মন্ত্রণালয়ের কিছু অসাধু কর্মচারি সরকারি সুবিধা নিয়ে নিয়মিত হজে যাচ্ছে। তা রোধের ব্যবস্থা নিতে হবে।”
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীরকে ইঙ্গিত করে কঠোর সমলোচনা করেন মন্ত্রণালয়ের।
তিনি বলেন, “১২ হত্যার মামলার আসামী, ফাঁসির আসামী। তাকে শুধু খালাসই দেওয়া হয় নি, তার জন্যে রিভলবার কেনার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিসিকে সুপারিশও করেছিল। কোনো খুনী, ডাকাত যেনো এ ধরনের সুবিধা পেতে মন্ত্রণালয় থেকে যেনো নির্দেশা দেওয়া না হয়।”
বস্ত্র ও পাট মন্ত্রী থাকাকালে আবদুল লতিফ সিদ্দিকী চট্টগ্রাম সমিতিকে প্লট বরাদ্দ দেওয়ারও সমালোচনা করেন ফিরোজ রশীদ।
অর্থ বরাদ্দের সমালোচনা করে তিনি বলেন, “দেশে বনও নেই, পরিবেশও নেই। বন কেটে উজাড় করে দেওয়া হচ্ছে। যত্রতত্র ইটভাটা ব্যবহারে পরিবেশ ধ্বংস হচ্ছে।”
সংলাপ থেকে এক চুলও নড়ি নি: বাদল
সংলাপ করতে বিএনপি চেয়ারপার্সনের আগ্রহ থাকলেও জামায়াতকে বাদ দিয়ে তা ভাবার পরামর্শ দেন জাসদের মইনুদ্দিন খান বাদল।
তিনি বলেছেন, “সংলাপ থেকে এক চুলও পিছনে যাই নি। সংলাপ করতে চাইলে আমরা প্রস্তুত। কিন্তু জামায়াতসহ কোনো সংলাপ জাতীয় সংসদ গ্রহণ করবে না। এটা জাতির বিষয়।”
আওয়ামী লীগের পচনের জন্য খালেদা জিয়াকে অপেক্ষা করার কথা তিনি বলেন, “৫ বছরে আওয়ামী লীগের পচন দেখতে পারলে জনগণের কাছে তা বলেন। এটাই গণতন্ত্র। শর্টকার্টে, আজকে না কালকে, কিংবা দুই বছর পরে আপনাদের কেউ ক্ষমতায় নিয়ে যাবে তা গণতন্ত্র না।”
বিকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
