জবানবন্দি দিলেন ওসমানী মেডিকেল ছাত্রলীগ সভাপতি
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ছাত্রদল নেতা তাওহীদুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার কলেজ ছাত্রলীগ সভাপতি সৌমেন দে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
রোববার সিলেট মহানগর হাকিম মো. শাহেদুল করিম ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় সৌমেনের জবানবন্দি গ্রহণ করেন। পরে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার রাত ১০টায় সিলেট রেলওয়ে স্টেশন থেকে মৌমেনকে পুলিশ গ্রেপ্তার করে।
গত বুধবার রাতে ওসমানী মেডিকেল কলেজের আবুসিনা ছাত্রাবাসের একটি কক্ষে ওসমানী মেডিকেল কলেজ ছাত্রদলের আপ্যায়ন বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলামকে পিঠিয়ে হত্যা করে একদল ছাত্র।
এ ঘটনায় বৃহস্পতিবার নিহতের চাচা আনোয়ার হোসেন মাতব্বর বাদী হয়ে ছাত্রলীগ ওসমানী মেডিকেল কলেজ শাখার সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ ১০ নেতাকর্মীর নাম উল্লেখ করে আরো ৮-১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
এদিকে তৌহিদুল ইসলাম হত্যা মামলায় অভিযুক্ত ১০ ছাত্রলীগ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করেছে ওসমানী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।
এরা হলেন মেডিকেল কলেজ ছাত্রলীগ সভাপতি সৌমেন দে, সাধারণ সম্পাদক সাইফুল হাই, সাংগঠনিক সম্পাদক মোশফেকুজ্জামান আকন্দ রাফি, হাফিজুর রহমান, ফারহান আনজুম পাঠান, অন্তর দ্বীপ, শরিফুল ইসলাম, জহুর রায়হান রিপন, আবু সাহাল ফাহিম ও জুবায়ের ইবনে খায়েজ।
