২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অসুস্থ’ মুহিত ‘ব্যর্থ’ বললেন ড. কামালকে

‘মানসিকভাবে অসুস্থ’ বলার প্রতিক্রিয়ায় ড. কামাল হোসেনকে ‘ব্যর্থ’ বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2014, 04:24 PM

Updated : 22 Aug 2022, 06:27 PM

একদিন আগে করা গণফোরাম সভাপতির বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে রোববার মন্ত্রী সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “তার কথার কোনো দাম নেই, তিনি একজন ব্যর্থ লোক।

“আওয়ামী লীগের বা রাজনৈতিক লোক না হওয়া সত্ত্বেও বঙ্গবন্ধু তাকে অল্প বয়সে যে সুযোগ দিয়েছিলেন, তিনি তা কাজে লাগাতে পারেননি, তার মানে তিনি সফল হতে পারেননি, তিনি একজন ব্যর্থ লোক।”

শনিবার নাগরিক ঐক্যের আলোচনায় অর্থমন্ত্রীকে ‘মানসিকভাবে অসুস্থ’ মন্তব্য করে ড. কামাল বলেছিলেন, “বেসিক ব্যাংক ও হল-মার্ক কেলেঙ্কারিতে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে গেল, অথচ এই টাকা কিছুই না বলে তিনি (অর্থমন্ত্রী) হি হি করে হাসেন।

“এক সময় তিনি আমার দলের সাধারণ সম্পাদক ছিলেন, আমার দলে থাকলে (অর্থমন্ত্রী) তাকে আমি বহিষ্কার করতাম।”

দুই যুগ আগে আওয়ামী লীগ থেকে বেরিয়ে ড. কামাল গণফোরাম গঠন করলে তাতে যোগ দিয়েছিলেন এইচ এম এরশাদের আমলে প্রায় দুই বছর অর্থমন্ত্রীর দায়িত্বে থাকা মুহিত।

গণফোরামের সঙ্গে অতীত সম্পৃক্ততার বিষয়ে মুহিত বলেন, ১৯৯৩ সালে ড. কামালের অনুরোধে তিনি নবগঠিত দলটিতে যোগ দিয়েছিলেন।

“প্রেসিডিয়াম মেম্বার হিসাবে গণফোরামে যোগ দিয়েছিলাম, ১৯৯৪ সালে পদত্যাগ করে চলে আসি। কিন্তু আমি সাধারণ সম্পাদক ছিলাম না।”