২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাজেট অবৈধ বলার অধিকার বিএনপির নেই’

সদ্য ঘোষিত বাজেটকে ‘অবৈধ’ বলার অধিকার বিএনপির নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2014, 12:59 PM

Updated : 22 Aug 2022, 06:27 PM

জাতীয় প্রেস ক্লাবে রোববার জাতীয় পল্লী চিকিৎসক জোট আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

দশম জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠনের পর গত বৃহস্পতিবার ২০১৪-১৫ অর্থবছরের বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

ওইদিন বাজেট ঘোষণার প্রাক্কালে এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার ও বর্তমান সংসদকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে বাজেটকেও ‘অবৈধ ও অনৈতিক’ বলে মন্তব্য করেন।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, “তাদের (বিএনপি) এই বজেটকে অবৈধ বলার অধিকার নেই। বাজেটকে অবৈধ বলার তারা কে?”

বিএনপি ষড়যন্ত্র করে সরকারের কোনো ক্ষতি করতে পারবে না বলে জানান তিনি।

“দেশের মানুষ বর্তমানে স্বস্তিতে রয়েছে। তবে তারা (বিএনপি) বিশৃংখলা সৃষ্টির ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্রে সরকারের কোনো ক্ষতি হবে না।”

পাঁচ বছর পর শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশ নিতে বিএনপিকে প্রস্তুতি নেয়ারও পরামর্শ দেন মন্ত্রী।

জাপানের মতো প্রধানমন্ত্রীর চীন সফরও ফলপ্রসু হওয়ার আশা প্রকাশ করে তিনি বলেন, “ভারতের নতুন সরকার গঠিত নিয়ে তারা উল্লসিত ছিল। তাদের বলতে চাই, ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দৃঢ় থেকে আরো দৃঢ় হবে।”

জাতীয় পল্লী চিকিৎসক জোটের সভাপতি বাচ্চু শিকদার ও আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহসম্পাদক এম এ করিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।