অস্থিরতা প্রশমনে জরুরি নির্বাচন দিন: রফিক
দেশের উন্নয়নে সব দলের মধ্যে ঐকমত্যের প্রয়োজনীয়তার কথা বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া।
তিনি বলেছেন, এ জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজন সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন।
রোববার জাতীয় প্রেস ক্লাবে মিলনায়তনে এক আলোচনা সভায় রফিকুল ইসলাম মিয়া এ কথা বলেন।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, “বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বিশাল বাজেটের কথা উল্লেখ করে বলেছেন, এজন্য রাজনৈতিক দলগুলোর ঐক্যের প্রয়োজন।
“আমরাও মনে করি, দেশে যে অস্থিরতা চলছে, গুম-অপহরণের ঘটনা ঘটছে- এসব থেকে রক্ষা পেতে সব দলের অংশগ্রহণমূলক একটি নির্বাচন জরুরি প্রয়োজন। এটা না হলে গুম-অপহরণ-খুনের ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা পাওয়া যাবে না।’’
স্বাধীনতা ফোরামের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচি শুরুর আগে এসব কথা বলেন তিনি।
রফিকুল ইসলাম মিয়া বলেন, “৭২-৭৫ সালেও দেশে গণতন্ত্র ও আইনের শাসন ছিল না। তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছিলো বাংলাদেশ।
“জিয়াউর রহমান ক্ষমতায় এসে একদলীয় শাসনের অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। কিন্তু আজ দেখা যাচ্ছে- সরকার গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসনের পথে এগোচ্ছে।’’
প্রয়াত রাষ্ট্রপতি জিয়ার উন্নয়নের রাজনীতিসহ তার শাসনামলে যুগান্তরকারী নানা পদক্ষেপের কথা তুলে ধরেন ব্যারিস্টার রফিক।
আলোচনা সভায় বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, প্রকৌশলী হাফিজুর রহমান, নাগরিক ফোরামের সভাপতি মিয়া আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
