কংগ্রেসের সমালোচনা, মোদিতে ‘আশা’ আমীর খসরুর
বাংলাদেশ নিয়ে ভারতের সদ্য বিদায়ী কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের কঠোর সমালোচনা করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী।
‘কংগ্রেসের একটি গোষ্ঠী বাংলাদেশের অনির্বাচিত সরকারকে ব্যবহার করেছে, সমর্থন দিয়েছে’-দাবি করে তিনি বলেন, “ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশের প্রতিবেশী দেশের প্রতি এরকম নীতি হতে পারে না।”
লোকসভা নির্বাচনে জয়ী হয়ে হিন্দুত্ববাদী বিজেপি নেতা নরেন্দ্র মোদির ভারতের প্রধানমন্ত্রী হওয়ার কথা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, “ভারতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের বিশাল ম্যান্ডেট নিয়ে নরেন্দ্র মোদি ক্ষমতায় বসেছেন।
ফাইল ছবি
“আমরা বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করলে অবশ্যই ভারতের নতুন সরকার তাদের পূর্বকার সরকারের ওই রকম অবস্থান থেকে সরে আসবে।”
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে নাগরিক ফোরামের উদ্যোগে ‘নরেন্দ্র মোদির সরকার: বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক হওয়া উচিৎ’ শিরোনামের আলোচনা সভায় তিনি এসব বলেন।
সরকারকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে আমীর খসরু বলেন, তাদের দেয়া বাজেট জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে না। তারাও দলগত এ বাজেট প্রত্যাখ্যান করছেন।
“জনগণের ভোটাধিকার হরণ করে এই সরকার অবৈধভাবে ক্ষমতায় বসে আছে। এদের (সরকার) কোনো বৈধ্যতা নেই। তারপরও গতকাল তারা সংসদে তথাকথিত বাজেট উপস্থাপন করেছে। আমরা এই অবৈধ বাজেট প্রত্যাখান করছি।”
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতবৃহস্পতিবার সংসদে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন, যাতে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ দশমিক ৩ শতাংশ। নতুন অর্থবছরের বাজেটের আকার দাঁড়িয়েছে ২ লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকা।
সরকারের সমালোচনা করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “এদের প্রতি জনগণের কোনো আস্থা নেই। ৫ জানুয়ারির আগে তাদের যেটুকু সমর্থন ছিল, এখন তার চেয়েও খারাপ অবস্থা। জোর করে তারা ক্ষমতা আঁকড়ে আছে।”
সরকারবিরোধী আন্দোলনের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
“আগামী দিনে কঠিন সময় আসছে। সবাইকে ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত হতে হবে। ভারতে কে নির্বাচিত হয়েছেন কিংবা কেউ আমাদের রক্ষা করে দেবে- এই চিন্তা বাদ দিয়ে আন্দোলনের জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।”
সংগঠনের সভাপতি আবদুল্লাহ হিল মাসুদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন আলাল, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কবির মুরাদ, মহানগর সদস্য সচিব আবদুল সালাম, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, ইসলামিক পার্টির সভাপতি আবদুল মোবিন প্রমুখ বক্তব্য রাখেন।
