নির্বাচন কমিশনে রাব্বির আপিল খারিজ
নারায়ণগঞ্জ-৫ আসনের উপ-নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে নাগরিক আন্দোলনের নেতা রাফিউর রাব্বির আপিল আবেদন খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার বিকালে শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রাখেন।
নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারি সচিব (আইন শাখা) মোশাররফ হোসেন ভুঁইয়া জানান, প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়ে রাফিউর রাব্বির আপিল আবেদন নামঞ্জুর করেছে ইসি।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে বুধবার রাব্বির পক্ষ থেকে নির্বাচন কমিশনের আপিল করা হয়।
গত রোববার মনোনয়নপত্র বাছাইয়ের দিন নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে স্বতন্ত্র প্রার্থী রাব্বির মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ।
ঋণখেলাপি হওয়ায় ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দেয়া ১ শতাংশ ভোটারের সমর্থন তালিকায় ত্রুটি থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
রাব্বিসহ দুজনের মনোনয়ন বাতিলের পর ২৬ জুন অনুষ্ঠেয় এ উপ-নির্বাচনে এখন বৈধ প্রার্থী ৬ জন। প্রতিদ্বন্দ্বিরা হলেন- জাতীয় পার্টির এ কে এম সেলিম ওসমান, স্বতন্ত্র প্রার্থী নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাবেক সংসদ সদস্য এস এম আকরাম, মোহাম্মদ মামুন সিরাজুল, কৃষক-শ্রমিক-জনতা লীগের শফিকুল ইসলাম দেলোয়ার ও ইকবাল সিদ্দিকী।
জরিমানা দিয়ে নির্বাচনী ব্যয়ের হিসাব দিতে হবে জাপাকে
সতর্ক করার পরেও নির্বাচনী ব্যয়ের হিসাব না দেয়ায় এবার জরিমানা গুনতে হবে বিরোধী দল জাতীয় পার্টিকে। আগামী ১৫ দিনের মধ্যে দশম সংসদ নির্বাচনের এ ব্যয় বিবরণী জমা দিতে হবে।
দশম সংসদ নির্বাচনে অংশ নেয়া ১২টি দলের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ ১১টি দল তাদের ব্যয়ের রিটার্ন জমা দিয়েছে, যা কমিশনের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
গণপ্রতিনিধিত্ব আদেশ (৪৪ সিসিসি) অনুযায়ী, ভোটের গেজেট প্রকাশের পরবর্তী ৯০ দিনের মধ্যে হিসাব জমা দিতে হবে। নির্ধারিত সময়ে তা না দিলে দলগুলোকে সতর্ক করে এক মাসের মধ্যে হিসাব দিতে নোটিস দেয়া হয়। এরপরও ব্যর্থ হলে ১০ হাজার টাকা জরিমানা দিয়ে পরবর্তী ১৫ দিনের মধ্যে হিসাব জমা দেয়ার সুযোগ পায় কোনো দল।
এ সময়ের পরেও ব্যর্থ হলের রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করতে পারবে নির্বাচন কমিশন।সতর্কীকরণ নোটিসের পর বুধবার জরিমানা ছাড়া হিসাব জমা দেয়ার সময় শেষ হয়।
নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারি সচিব ফরহাদ হোসেন সাংবাদিকদের বলেন, “এখন পর্যন্ত আমরা ১১টি দলের ব্যয় বিবরণী হাতে পেয়েছি। তবে জাতীয় পার্টির ব্যয়ের হিসাব আমরা হাতে পাইনি। যেগুলো হাতে পেয়েছি সেগুলো নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে।”
এখন আবেদন সাপেক্ষে জাতীয় পার্টিকে জরিমানা দিয়েই আগামী ১৫ দিনের মধ্যে ব্যয় বিবরণী জমা দিতে হবে বলে জানান তিনি।
এদিকে লালমনিরহাট-১ আসনের নির্বাচনী ব্যয়ের হিসাব জমা না দেয়ায় ইসির মামলার মুখে রয়েছেন দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
