‘অবৈধ সরকারের বাজেট উপস্থাপন অনৈতিক’
সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাজেট পেশের প্রাক্কালে নতুন সরকারের প্রথম বাজেট উপস্থাপনকে ‘অবৈধ ও অনৈতিক’ বলেছে বিএনপি।
বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ২০১৪-১৫ অর্থবছরের বাজেট উপস্থাপনের কিছুক্ষণ আগে তিনি এই কথা বলেন।
বিএনপির বর্জনের মধ্যে গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনের মধ্য দিয়ে টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকারের প্রথম বাজেট এটি।
বাজেট উপস্থাপন সামনে রেখে দুপুরে এক আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বর্তমান সরকারকে একটি বৈধ সরকার হিসেবে আখ্যা দেয়া যায় না। বর্তমান সংসদও অবৈধ। যারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি, তারা কিভাবে সংসদে বাজেট উপস্থাপন করে?
“এটা সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক কর্মকাণ্ড। অনির্বাচিত সরকারের বাজেট উপস্থাপনের অধিকার নেই। আমরা মনে করি, কেবল নির্বাচিত জনপ্রতিনিধিরাই জাতীয় সংসদে জনগণের কল্যাণ ও ভাগ্য উন্নয়নের কাজ করতে পারে।”
ফাইল ছবি
১৯৮০ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে কয়েক সেনা কর্মকর্তার হাতে সামরিক শাসক জিয়াউর রহমান নিহত হন।
আলোচনা সভা শুরুর আগে মিলনায়তন প্রাঙ্গণে ভারপ্রাপ্ত মহাসচিব প্রয়াত রাষ্ট্রপতি জিয়াকে নিয়ে এক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন।
বর্তমান সংসদ সম্পর্কে মির্জা ফখরুল বলেন, “৫ জানুয়ারি ভোটবিহীন নির্বাচন হয়েছে। কেউ ভোট দেয়নি। ১৫৪ জন ভোট ছাড়া নির্বাচিত হয়েছে। তারা কেউই জনগণের ভোটে নির্বাচিত হননি। অন্য আসনগুলোতে মাত্র শতকরা ৫ ভাগ ভোট পড়েছে। তাহলে কিভাবে এই সংসদ বৈধ হয়?’’
জাপান সফরকালে বর্তমান সরকার ‘বিপুল ভোটে’ নির্বাচিত হয়েছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘মিথ্যাচার’ করেছেন বলে দাবি করেন ফখরুল।
তিনি বলেন, “নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে যে অভিনন্দন বার্তা পাঠিয়েছিলেন, তাতেও একই মিথ্যাচার করা হয়েছে। এভাবে আওয়ামী লীগ অবলীলায় মিথ্যাচার করে যাচ্ছে।”
নারায়ণগঞ্জের ওসমান পরিবারের পাশে থাকার বিষয়ে সংসদে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, “নারায়ণগঞ্জে যিনি গডফাদার হিসেবে পরিচিত, জনগণ যাকে হত্যাকারী হিসেবে চেনে, তাকে প্রধানমন্ত্রী ডিফেন্ড করছেন। আমরা কোথায় আছি?
“কেবল তাই নয়, স্বাধীনতা যুদ্ধে বিদেশিদের সম্মান জানাতে তৈরি স্বর্ণ পদকে খাদ মেশানো দুর্নীতিবাজ চোরদেরও প্রধানমন্ত্রী ডিফেন্ড করেছে। পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতির পর বিশ্ব ব্যাংক যখন তৎকালীন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে মন্ত্রিসভা থেকে বাদ দিতে বলেছিল, তখনও প্রধানমন্ত্রী তাকে দেশপ্রেমিক বলে আখ্যা দিয়েছিলেন।”
“গুম-খুন-চোরদের পক্ষ নিচ্ছেন প্রধানমন্ত্রী। তিনি জনগণের পক্ষে নেই,” বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
ছাত্রদল সভাপতি আবদুল কাদের জুয়েলের সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান, ছাত্র বিষয়ক সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বক্তব্য দেন।
এর পাশাপাশি যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক নুরউদ্দিন আহমেদ, সহ ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, ছাত্র দলের সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব প্রমুখও বক্তব্য রাখেন।
