২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়া হত্যার বিচার খালেদা কেন করলেন না: হানিফ

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগ নেতারা দায়ী- মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তবব্যের পাল্টায় জিয়াউর রহমানের মৃত্যুতে খালেদা জিয়ার সম্পৃক্ততার সন্দেহ প্রকাশ করেছেন মাহাবুবুল আলম হানিফ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2014, 06:05 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

“দেশবাসীর অনেকেই মনে করেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডে খালেদা জিয়া ইনভলব, তদন্ত করলে তার যোগসূত্র খুঁজে পাওয়া যেতে পারে।”

বুধবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে বিএনপির বক্তব্যের জবাব দিতে এই সংবাদ সম্মেলন ডাকে ক্ষমতাসীন দল।

জিয়া বেঁচে থাকলে তাকেও বঙ্গবন্ধু হত্যামামলার আসামি করা হত- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ বলেন, “জিয়া হত্যার বিচার বিএনপি করবে না। কারণ এ হত্যাকাণ্ডে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি খালেদা জিয়া।”

“বিএনপি দু-বার ক্ষমতায় এসেও জিয়া হত্যার বিচার করেনি। আপনি ক্ষমতায় ছিলেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচার কেন করেননি,” খালেদা জিয়ার উদ্দেশে প্রশ্ন করেন তিনি।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়া জড়িত ছিলেন দাবি করে হানিফ বলেন, “খুনি মোশতাক কোন আস্থায়, বিশ্বাসে, সংযোগে, যোগসূত্রে নির্ভরতায় জিয়াউর রহমানকে সেনাপ্রধান করেছিলেন। বঙ্গবন্ধুকে হত্যা করার আগে ও পরে খুনি রশিদ-ফারুক চক্র কতবার, কী কারণে, কী প্রয়োজনে জিয়াউর রহমানের সাথে সাক্ষাৎ করেছিলেন?" আদালতের রায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত ফারুক রহমান ও আব্দুর রশীদের বিবিসিকে দেয়া সাক্ষাৎকার উদ্ধৃত করে তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে জিয়ার পূর্ণ সমর্থন পাওয়ার কথা তারা বলেছিলেন।

বিএনপির মুখপাত্র ফখরুলের উদ্দেশে হানিফ বলেন, “জিয়াউর রহমান নিহত হওয়ার পর বিএনপিই ক্ষমতায় ছিল। তারপরও বিএনপি একাধিকবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন ছিল। জিয়ার হত্যাকাণ্ডের বিচার কেন করেননি?"

সংবাদ সম্মেলনে হানিফের সঙ্গে ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক ও খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ।

পুরনো খবর:

‘না মরলে জিয়াকেও আসামি করা হত’
‘দৃষ্টি সরাতে প্রধানমন্ত্রী অসত্য বলছেন’