ফরমালিন ‘বন্ধ’ করবেন এরশাদ
‘ফরমালিন’ নিয়ে দুই প্রধান দলের পাল্টাপাল্টি বক্তব্যে ক্ষুব্ধ সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ বলেছেন, ক্ষমতা পেলে তিনি সাতদিনেই স্বাস্থ্যঝুঁকি এড়াতে এই রাসায়নিক ব্যবহার বন্ধ করবেন।
সোমবার জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এক সভায় দলের চেয়ারম্যান এরশাদ বলেন, “পত্রিকার পাতা খুললেই মানুষ খুনের খবর, আর আপনারা দুই দলের শীর্ষ নেতারা ফরমালিন নিয়ে কৌতূক করছেন! দেখে দুঃখ হয়।
“ফরমালিন ইজ নট অ্যা ম্যাটার জোক।”
গত ২৪ মে আইনজীবীদের এক সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সরকারকে ‘পচতে’ সময় দেয়া হচ্ছে বলার পর তার জবাবে ৩১ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপিকে ‘ফরমালিন দিয়ে তাজা রাখা’ হচ্ছে।
প্রধানমন্ত্রীর বক্তব্যের পরদিন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের শাসনামলকে ‘ফরমালিনের যুগ’ হিসেবে অভিহিত করেন।
এরশাদ বলেন,“মাছে ফরমালিন, শাকসবজি ফলমূলে ফরমালিন। যে ফরমালিন আমাদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, তাকে আপনারা রাজনীতির ময়দানে নিয়ে এলেন। আপনাদের লজ্জা হওয়া উচিত।
“আমি ক্ষমতায় গেলে সাত দিনের মধ্যে ফরমালিন বন্ধ করে দেব।”
সরকারের অংশীদার জাতীয় পার্টির চেয়ারম্যান দেশের বর্তমান অবস্থা নিয়েও হতাশা প্রকাশ করেন।
“কী সমাজে বসবাস করি! এই কি গণতন্ত্রের সমাজ? সভ্যতার সমাজ? দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে, আইন নেই, শৃঙ্খলা নেই, গণতন্ত্র নেই।”
জাতীয় প্রাক্তন শ্রমিক পার্টির এই প্রতিনিধি সম্মেলনে আগতদের উদ্দেশে সাবেক এই সামরিক শাসক বলেন, এই মুহূর্তে বাংলাদেশ বসবাসের ‘অযোগ্য’ একটি দেশ।
“এই অবস্থায় আমাদের কী করণীয়? এই দেশকে রক্ষা করতে হলে অস্ত্র হাতে নিতে হবে। এই দেশকে মুক্ত করতে হবে। তোমরা প্রতি গ্রামে গ্রামে যাও। দলকে শক্তিশালী কর।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল হান্নান, এস এম ফয়সল চিশতী প্রমুখ।
