২৩ অক্টোবর ২০২৬, ০৮ কার্তিক ১৪৩৩

‘ফরমালিনে তাজা’ বিএনপি: হাসিনা

সরকারের সমালোচনার প্রতিক্রিয়ায় বিএনপির শক্তিমত্তা নিয়ে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2014, 05:47 PM

Updated : 25 Apr 2022, 04:15 PM

সরকারকে ‘পচতে’ সময় দেয়া হচ্ছে- বিএনপি চেয়ারপারসনের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ সভানেত্রী পাল্টা বলেছেন, ‘পচছে’ বিএনপিই, আর দলটিকে ‘ফরমালিন দিয়ে তাজা’ রাখা হচ্ছে।

জাপান সফর নিয়ে শনিবার গণভবনে সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বিএনপি চেয়ারপারসনের বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে একথা বলেন শেখ হাসিনা।  

“পচলোটা কে? নির্বাচনে অংশ না নিয়ে উনি নিজেই তো পচে গেছেন,” মন্তব্য করে তিনি বলেন, “এখন তো সব জায়গায় ফরমালিন। ফরমালিন দিয়ে তাজা রাখার চেষ্টা করা হচ্ছে। আমরা বিএনপিকে ফরমালিন দিয়ে তাজা রাখার চেষ্টা করছি। না হলে এত কথা কিভাবে বলছেন।”

গত ২৪ মে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশে খালেদা জিয়া সরকারবিরোধী কর্মসূচি দিতে আরো সময় নেয়ার ঘোষণা দিয়ে বলেন, “এদের (সরকার) পচতে আরো একটু সময় দিতে হবে। এজন্য আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে,”

৫ জানুয়ারির নির্বাচনের ফলে গঠিত শেখ হাসিনার সরকারকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে তাদের হটাতে কর্মসূচি দেয়ার কথা বলে আসছেন বিএনপি চেয়ারপারসন।

ওই নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করা ‘ভুল’ ছিল মন্তব্য করে শেখ হাসিনা বলেন, “কোনো রাজনীতিক যদি ভুল সিদ্ধান্ত নেয়, সে ভুলের খেসারত তাকে দিতে হবে।”

দশম সংসদ নির্বাচনে অংশ না নিয়ে সংসদে প্রতিনিধিত্ব হারানো খালেদা দুই কূলই হারিয়েছেন বলেও এর আগে মন্তব্য করেছিলেন আওয়ামী লীগ সভানেত্রী।

“৪০ ভাগ ভোটার ভোট দেয়ার পর কেন নির্বাচন বৈধ হবে না,” প্রশ্ন করে শনিবারের সংবাদ সম্মেলনে বিএনপির উদ্দেশে তিনি বলেন, “যারা বৈধতার প্রশ্ন আনে, তাদের জন্ম অবৈধভাবে। যাদের জন্ম অবৈধভাবে, তারা সব অবৈধ দেখে।”

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিষয়টি সংবিধানেই রয়েছে জানিয়ে এক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী না থাকার জন্য বিএনপিকে দায়ী করে প্রধানমন্ত্রী বলেন, “উনারা এলেই তো হত।”

পুরনো খবর:

আওয়ামী লীগকে ‘পচতে’ সময় দিলেন খালেদা