২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সঙ্কট, উত্তরণের উপায় নির্বাচন: ফখরুল

দশম সংসদ নির্বাচনের পর দেশে রাজনৈতিক সঙ্কট চলছে দাবি করে তা থেকে উত্তরণে নির্দলীয় সরকারের অধীনে আগাম নির্বাচনের দাবি পুনর্বার জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2014, 08:03 PM

Updated : 22 Aug 2022, 06:23 PM

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে  তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে শনিবার উত্তরার কুড়িলে দুঃস্থদের মধ্যে খাবার বিতরণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই দাবি জানান।

ফখরুল বলেন, “দেশের মানুষ এক অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে বসবাস আছে। এই অবৈধ ও অনৈতিক সরকার ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।

“তাদের (সরকার) বলব, এখনো সময় আছে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের উদ্যোগ নিন। এটাই একমাত্র পথ।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

তা না হলে খালেদা জিয়ার নেতৃত্বে সরকারের বিরুদ্ধে আন্দোলন বেগবান করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে বলে হুঁশিয়ারি দেন বিএনপির মুখপাত্র।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়ার ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে দুস্থদের মধ্যে খাবার বিতরণের এই কর্মসূচি চলছে। রোববার পর্যন্ত বিভিন্ন স্থানে এই খাবার বিতরণ চলবে।

দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান ও আবদুল আউয়াল মিন্টুর নেতৃত্বে খাবার বিতরণ চলে।

সকাল পৌনে ১০টায় খিলক্ষেতের পল্লী বিদ্যুৎ ভবনের কাছে স্থানীয় বিএনপির উদ্যোগে দুস্থদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচি শুরু করেন ফখরুল। এরপর তিনি উত্তরার জসিম উদ্দিন রোড, কুড়িল, উত্তরার আমির কমপ্লেক্স, হাউজ বিল্ডিং, ভাটারা, মোল্লাপাড়া বাড্ডা, মহাখালী কমিউনিটি সেন্টারে খাবার বিতরণ করেন।

ফখরুল ভাটারায় সাংবাদিকদের বলেন, “দেশে কোনো গণতন্ত্র নেই। সরকার মানুষের অধিকার হরণ করে রেখেছে। তারা শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর কর্মসূচি পালনেও বাধা দিয়েছে। পুলিশ বিভিন্ন স্থানে মঞ্চ ভেঙে দিচ্ছে।”

এই কর্মসূচি উদ্বোধনের পর শুক্রবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২৫টি স্থানে খাবার বিতরণ করেছিলেন।