২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন গুণ বিচারক নিয়োগের সুপারিশ

ঝুলে থাকা মামলা দ্রুত নিষ্পত্তিতে দিনের দুই পালায় (শিফট) আদালতের কার্যক্রম চালানোর সুপারিশের পর এবার উচ্চ ও নিম্ন আদালতে প্রায় ৫ হাজার বিচারক নিয়োগের সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি, যা বর্তমান বিচারক সংখ্যার প্রায় তিন গুণ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2014, 07:43 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির তৃতীয় সভায় বিচার ব্যবস্থার আধুনিকায়নে বিচারকের সংখ্যা বাড়ানোসহ ২৩ দফা সুপারিশ করা হয়।

সভার পর সংসদ ভবনের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বর্তমানে প্রায় ৩২ লাখ মামলা ঝুলে আছে। বিচার ব্যবস্থার এ ব্যাক-লগ কমানো প্রয়োজন।

“আজ আমরা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছি- সমস্যা চিহ্নিত করে সমাধানে কমিটি বিচার ব্যবস্থার উন্নয়নে ২৩ দফা সুপারিশ করেছে। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টরা ধাপে ধাপে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।”

তিনি বলেন, “বর্তমানে নিম্ন ও উচ্চ আদালতে প্রায় ১৭শ’ বিচারক রয়েছেন। পর্যায়ক্রমে বিচারকের সংখ্যা ৫ হাজারে উন্নীত করতে হবে।

“আমরা কোনো সময়সীমা বেঁধে দিতে চাই না। লোকবল নিয়োগের এ প্রক্রিয়া শুধু মন্ত্রণালয়ের নয়, অর্থেরও প্রয়োজন; সংশ্লিষ্ট সবার প্রতিনিধি আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এমনকি ধাপে ধাপে তা বাস্তবায়ন করা হতে পারে।”

Image
ছবি: আসাদুজ্জামান প্রামানিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি: আসাদুজ্জামান প্রামানিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিম্ন আদালতে সুবিধাদি বাড়ানো, বিচারক ও তার কার্যালয়ের কর্মকর্তাদের অফিস সময়ে (সকাল সাড়ে ৯ টা থেকে বিকাল ৫টা পর‌্যন্ত) উপস্থিতি নিশ্চিতসহ যুগোপযোগী পদক্ষেপ নেয়ার কথা তুলে ধরেন সুরঞ্জিত।

আইন মন্ত্রণালয়ের জন্য গত ৫ বছরে তুলনামূলক কম বরাদ্দ রাখার তথ্য তুলে ধরে কমিটি সভাপতি জানান, ক্রমান্বয়ে বাজেটে বরাদ্দ কমছে। দেশে সার্বিক উন্নয়ন হলেও বিচার ব্যবস্থার আধুনিকায়ন না হলে প্রকৃত উন্নয়নে ঘাটতি থেকেই যাবে।

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচার ব্যবস্থা আধুনিকীকরণে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ এবং বিভিন্ন পর্যায়ে মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ইতোমধ্যেই ২০০ জন সহকারি জজ নিয়োগের প্রক্রিয়া সম্পনন্ন হয়েছে বলে বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।

এর ফলে আগামী তিন-চার মাসের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় বিচারক নিয়োগ সম্পন্ন হলে মামলাজট দূর করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিতে।

Image
ছবি: আসাদুজ্জামান প্রামানিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি: আসাদুজ্জামান প্রামানিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Image
ছবি: আসাদুজ্জামান প্রামানিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি: আসাদুজ্জামান প্রামানিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কমিটির সদস্য আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক, তাজুল ইসলাম চৌধুরী, সাহারা খাতুন, শামসুল হক টুকু, আব্দুল মজিদ খান এবং তালুকদার মো. ইউনুছ সভায় উপস্থিত ছিলেন।

এছাড়া বিশেষ আমন্ত্রণে সভায় অংশ নেন বিআইডিএসের পরিচালক জায়েদ বখত, পরিবেশ আইনজীবীদের সংগঠন বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান এবং আইপিডি প্রকল্পের ন্যাশনাল টেকনিক্যাল স্পেশালিস্ট তানভীর মাহমুদ।

গত ৩১ মার্চ কমিটির সভায় ঝুলে থাকা মামলা দ্রুত নিষ্পত্তি করতে উচ্চ ও নিম্ন আদালতের কার্যক্রম ‘দুই শিফট’ বা ‘সান্ধ্যকালীন’ কোর্ট চালুর সুপারিশ করা হয়।