মুন্সীগঞ্জে খালেদার মঞ্চ প্রস্তুত
রাজধানীতে দুটি সমাবেশ পণ্ড হওয়ার পর বিকালে মুন্সীগঞ্জের জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
জেলা বিএনপির উদ্যোগে বুধবার বিকাল ৩টায় মুন্সীগঞ্জ লঞ্চঘাট সংলগ্ন হাট লক্ষীগঞ্জে এ জনসভা হবে।
গত দুই সপ্তাহে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ও সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দুটি সমাবেশে খালেদা জিয়ার বক্তব্য রাখার কথা থাকলেও পুলিশি বাধায় কর্মসূচি দুটো পণ্ড হয়ে যায়।
ফাইল ছবি
গত ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচন বর্জনের পর ঢাকার বাইরে খালেদা জিয়ার এটি দ্বিতীয় রাজনৈতিক জনসভা। এর আগে গত ১ মার্চ রাজবাড়ীতে জনসভায় ভাষণ দেন তিনি।
এদিকে জনসভার সব প্রস্তুতি শেষ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
জেলা বিএনপির সভাপতি আবদুল হাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের মঞ্চ নির্মাণের কাজ শেষ হয়ে গেছে। আমরা এখন জনসভার জন্য প্রস্তুত।”
জেলার বিভিন্ন স্থান থেকে নেতা-কর্মীরা বেলা ১২টার দিকে জনসভাস্থলে আসতে শুরু করবে বলে জানান তিনি।
এই জনসভায় ব্যাপক মানুষের সমাগম ঘটবে বলে আশা প্রকাশ করেন তিনি।
