প্রধানমন্ত্রীকে এম কে আনোয়ারের চ্যালেঞ্জ
জনপ্রিয়তা যাচাই করতে প্রধানমন্ত্রী পদে থেকেই শেখ হাসিনাকে নিজের নির্বাচনী আসনে লড়াইয়ের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার।
রোববার বিকালে এক আলোচনা সভায় তিনি বলেন, “জনগণের ভোট ছাড়া জোর করে ক্ষমতায় বসে আছে সরকার। প্রধানমন্ত্রীকে বলবো, আমি চ্যালেঞ্জ করছি, আপনি (শেখ হাসিনা) প্রধানমন্ত্রী পদে থেকে আমার নির্বাচনী আসনে নির্বাচন করুন। আমি ছোট নেতা হতে পারি। আমিই আপনার বিরুদ্ধে দাঁড়াবো।”
হোমনা তিতাস নিয়ে কুমিল্লা-২ আসন থেকে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার ১৯৯১ সালের ৫ম জাতীয় সংসদ নির্বাচন থেকে ২০০৯ সালের নবম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত টানা চারবার নির্বাচিত হয়েছেন।
সরকারের জনপ্রিয়তা একেবারে শূণ্যের কোঠায় দাবি করে এম কে আনোয়ার বলেন, “আমি বলছি, আপনি ওই নির্বাচন পাস করতে পারলে সালাম করে আপনাকে প্রধানমন্ত্রী মেনে নেব।”
ফাইল ছবি
জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকীতে এই আলোচনা সভা হয়।
আগামী ৩০ মে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী।
খুন-গুমের সঙ্গে ক্ষমতাসীন দলই জড়িত বলে অভিযোগ এম কে আনোয়ার বলেন, “সম্প্রতি নারায়ণগঞ্জ ও ফেনীর সংঘটিত খুনের ঘটনাবলীর তদন্তে বেরিয়ে এসেছে, কারা ওইসব খুনের সঙ্গে জড়িত ছিলো।
“আওয়ামী লীগের অন্তর্দ্বন্দ্বে দেশে এখন খুন-খারাবি হচ্ছে। উদ্দেশ্য একটাই, কীভাবে বেশিদিন ক্ষমতায় থাকা যাবে, কীভাবে বেশি লুটপাট করা যাবে।”
গুম-খুনের এই পথ থেকে ক্ষমতাসীনদের সরে আসার আহ্বানও জানান তিনি।
ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যার ঘটনায় ঢাকা থেকে গ্রেফতারকৃত আটজনসহ ১৩ জনের অধিকাংশ ক্ষমতাসীন দলের। রোববার ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদের রিমান্ডে পাঠায়।
দেশের বর্তমান অবস্থাকে সংকটজনক অভিহিত করে এম কে আনোয়ার বলেন, ‘‘ সরকার কোনো কিছুই তোয়াক্কা করছে না। শুধু ক্ষমতায় থাকার জন্য তারা মানুষের সবকিছুকে পদদলিত করছে। তারা দেশে এক নৈরাজ্যকর ও অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছে। কেউই আজ নিরাপদে নেই।’’
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘আপনি যে পথে চলছেন, তা মসৃণ নয়। ওই পথ থেকে সরে আসুন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। নইলে পরিণতি ভালো হবে না।”
৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনে সরকার জোর করে ক্ষমতায় বসে আছে বলেও মন্তব্য করেন স্থায়ী কমিটির এই সদস্য।
তিনি বলেন, ‘‘এক বছর আগে শ্রীলঙ্কার একটি পত্রিকায় প্রকাশিত হয়েছিল বাংলাদেশের ১০০ ক্যাডারকে ভারতে গুমের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁদের বিরোধী দলের নেতা-কর্মীদের একটি তালিকাও দেওয়া হয়েছে, কাদের কাদের গুম করতে হবে। ক্ষমতাসীন দলের লোকজনও তাতে আছে। সেগুলোরই কাজ চলছে।’’
গুম-খুন এবং দমননীতি অনুসরণ করে বিরোধী দলের আন্দোলন বন্ধ করা যাবে না বলেও দাবি করেন এম কে আনোয়ার।
সংগঠনের সভানেত্রী নুরী আরা সাফা‘র সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, সহসভাপতি রাবেয়া সিরাজ, মহানগর সভাপতি সুলতানা আহমেদ প্রমূখ বক্তব্য রাখেন।
