নরসিংদীতে আ. লীগ কর্মী হামলায় আহত
নরসিংদীর শিবপুর উপজেলায় শনিবার বিকালে এক আওয়ামী লীগ কর্মীকে গুলি করে ও কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
আহত ইলিয়াস সুমন মুরাদ (৩৫) নরসিংদী-৩ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহনের চাচাতো ভাই।
গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জহিরুল হক ভূইয়া মোহন জানান, বেলা ৩টার দিকে হামলাকারীরা মুরাদের বাড়ি গিয়ে তার পায়ে গুলি করে এবং এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।
শিবপুর থানার ওসি খন্দকার মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
