২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেয়ারম্যানকে পুড়িয়ে হত্যা, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন সুরঞ্জিতের

ফেনীর ফুলগাজীতে চেয়ারম্যান একরাম হত্যাকাণ্ডের ঘটনায় প্রশাসন ও আইন-শৃংখলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2014, 10:56 PM

Updated : 22 Aug 2022, 06:20 PM

শুক্রবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায়  তিনি বলেন, “ফেনীর ফুলগাজীতে আওয়ামী লীগের নির্বাচিত চেয়ারম্যানকে গুলি করে ও পরে অগ্নিদগ্ধ করে নৃশংসভাবে খুন করা হয়েছে।

“আমি জানতে চাই, ওই সময় সেখানে প্রশাসন, ডিসি, এসপি, র‌্যাব, গোয়েন্দা কেউ কি ছিল না? দিনে দুপুরে এই ঘটনা কেমন করে ঘটল? প্রশাসনের ভূমিকা স্পষ্ট করতে হবে।”

গত ২০ মে ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হকের মাইক্রোবাস থামিয়ে দুর্বৃত্তরা প্রথমে তাকে গুলি ও ছুরিকাঘাত করে। পরে গাড়িতে আগুন ধরিয়ে দিলে অগ্নিদগ্ধ হয়ে নিহত হন তিনি।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

এই হত্যাকাণ্ডে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি একে অপরকে দোষারোপ করছে।

ওই ঘটনার পরে ২২ মে লক্ষ্মীপুরে আওয়ামী লীগের নেতা আব্দুল মান্নান ও ছাত্রলীগ নেতা নোমানকে জবাই করে হত্যা করা হয়।

বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত ওই সভায় একটি মহল ‘সুপরিকল্পিতভাবে’ এসব হত্যাকাণ্ড ও অপহরণের ঘটনা ঘটাচ্ছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের প্রবীণ নেতা সুরঞ্জিত।

তিনি বলেন, “একের পর এক নৃশংস হত্যাকাণ্ড জনগণকে নাড়া দিচ্ছে। নারায়ণগঞ্জ, ফেনী, লক্ষ্মীপুরের ঘটনা তিনটি একই সূত্রে গাঁথা। একটি মহল সুপরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারাকে ব্যাহত করছে।”

নারায়ণগঞ্জে র‌্যাবের তিন কর্মকর্তাকে গ্রেপ্তারের উদাহরণ টেনে অপরাধীদের আইনের আওতায় আনার ক্ষেত্রে সরকারের আন্তরিকতার বিষয়টিও উল্লেখ করেন আইন, বিচার ও সংবিধান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত।

পাশাপাশি দেশে সুশাসন প্রতিষ্ঠায় বিএনপিকে আরো দায়্ত্বিশীল হওয়ার আহ্বান জানান তিনি।

সুরঞ্জিত বলেন, “ফেনীর ঘটনায় এফআইআর হওয়ার আগেই এটা আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাদের বলতে চাই, বিবেকহীন অনুভূতিহীন হলে হবে না।

“সংবেদনশীল হতে হবে। গণতন্ত্রের মূল কথা হচ্ছে আইন ও সুশাসন নিশ্চিত করা। সবার সহযোগিতা ছাড়া তা সম্ভব নয়।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বঙ্গবন্ধু একাডেমীর সহসভাপতি চিত্তরঞ্জন দাস, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজি, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।