ক্রয়কেন্দ্র চালুর দাবি কৃষক সমিতির
কৃষকের কাছ থেকে সরাসরি ফসল কিনতে অবিলম্বে ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয়কেন্দ্র চালুসহ আট দফা দাবি জানিয়েছে বাংলাদেশ কৃষক সমিতি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় মুক্তিভবনের পঞ্চম তলায় এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন খান বলেন, প্রতিবছরের মতো এবছরও দেশে এবারও বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। সরকার প্রতি মণ ধানের দাম ৮০০ টাকা ঠিক করেছে।
তিনি অভিযোগ করেন, সরকার ধানের দাম ঠিক করে দিলেও ফসল উৎপাদনের জন্য ব্যবহার হওয়া সার-ডিজেল-বীজ-কীটনাশক এবং বিদ্যুতের দাম বেড়েছে, যা ধানের দাম বৃদ্ধির অনুপাতে বেশি।
“বাজারে এখন কৃষককে সরকার ঠিক করে দেয়া দামের চেয়ে কম দামে ধান বিক্রি করতে হচ্ছে। তাই দু:খজনক হলেও সত্য কৃষক এবারও ধানের লাভজনক দাম পাবে না,” বলেন জাহিদ হোসেন।
সরকার ধানের দাম ঠিক করলেও মধ্যস্বত্বভোগীরা ব্যবসায়ীরা মণপ্রতি ৫৫০ থেকে ৬৫০ টাকায় ধান কিনছে বলেও অভিযোগ করেন তিনি।
এজন্য সনাতনী বাজার ব্যবস্থাকে দায়ী করে জাহিদ বলেন, “যতোদিন পর্যন্ত কৃষকের কাছ থেকে ধান-গমসহ অন্যান্য ফসল ক্রয়কেন্দ্রের মাধ্যমে সরাসরি কেনার ব্যবস্থা না করা হবে, ততোদিন কৃষক ঠকতেই থাকবেন।”
সংগঠনটির অন্যান্য দাবির মধ্যে রয়েছে- বিভিন্ন ফসলের লাভজনক দাম নিশ্চিত করা, খোদ কৃষকের কাছ থেকে সরাসরি ফসল ক্রয়, সার, বীজ,কীটনাশকসহ কৃষি উপকরণের দাম কমানো, সবজি সংরক্ষণের জন্য পর্যাপ্ত হিমাগার নির্মাণ ইত্যাদি।
এছাড়াও সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোর্শেদ আলী, সম্পাদকমন্ডলীর সদস্য মানবেন্দ্র দেব, আবদুল্লাহ টিটু প্রমুখ।
