ব্রাহ্মণবাড়িয়ার সাবেক ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জালাল হোসেন ভূঁইয়া খোকা সোমবার রাতে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে জরুরি অস্ত্রোপচার শেষে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খোকা শহরের কলেজপাড়া এলাকার বাসিন্দা।
খোকার স্বজনরা জানান, রাতে শহরের পুনিয়াউট এলাকায় একটি মোটরসাইকেলে করে দুই যুবক এসে জালালকে গুলি করে পালিয়ে যায়।
জালাল গলা ও পেটে গুলিবিদ্ধ হলে সঙ্গে সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখানে তার অস্ত্রোপচার হয়।
পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।
এদিকে, এ ঘটনার পর শহরে পৃথক কয়েকটি মিছিল করেছে ছাত্রলীগ সমর্থকরা।
স্থানীয়দের দাবি, সম্প্রতি খোকা স্থানীয়দের নিয়ে শহরে মাদকবিরোধী বিভিন্ন কর্মসূচি শুরু করেছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ীরা তার উপর হামলা করেছে বলে ধারণা করা হচ্ছে।
