র্যাব থেকে সেনা কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি বিএনপির
র্যাবের বিরুদ্ধে গুম-অপহরণে জড়িত থাকার অভিযোগ তুলে বাহিনীটি থেকে সেনা কর্মকর্তাদের সরিয়ে দেয়ার দাবি জানিয়েছে বিএনপি।
তিনি বলেন, “র্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহার করে সেনাবাহিনীর ভাবমূর্তি বিনষ্ট করার ষড়যন্ত্র হচ্ছে। নারায়ণগঞ্জের ঘটনায় তিন সেনা কর্মকর্তার জড়িত থাকার অভিযোগে তাদের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। আমরা সেনাবাহিনীর ভাবমূর্তি সমুজ্জ্বল দেখতে চাই।
“এরকম পরিস্থিতিতে র্যাবের কার্যক্রম অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। সেনাবাহিনীর উচিৎ হবে, ভাবমূর্তি সমুজ্জ্বল রাখার স্বার্থে র্যাব থেকে তাদের সব কর্মকর্তা প্রত্যাহার করে নেয়া।”
সমাবেশে গুম-অপহরণের ঘটনায় র্যাব সদস্যদের জড়িত থাকার অভিযোগ তুলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “অহরহ গুম-অপহরণ হচ্ছে। এসব ঘটনায় সব অভিযোগ র্যাবের বিরুদ্ধে। এভাবে সারা দেশটাকে আজ মৃত্যু উপত্যকায় পরিণত করা হয়েছে।”
নারায়ণগঞ্জে সাতখুনের ঘটনার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া র্যাব বিলুপ্তির দাবি জানান।
জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মহানগর বিএনপির উদ্যোগে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার বিচারিক আদালতের স্থান পরিবর্তনের প্রতিবাদে এই সমাবেশ হয়।
র্যাব জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে-মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, “বিএনপির শাসনামলে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনের জন্য এই র্যাব গঠন করা হয়েছিল। তারা ওই সময়ে অনেক ভালো কাজ করেছিল। কিন্তু এই সরকার ক্ষমতায় এসে র্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহার করে বিপণনকৃত প্রতিষ্ঠানে পরিণত করেছে।
“নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনার পর সারাদেশে দেশের মানুষ সোচ্চার হয়েছে। কুমিল্লার লাকসামে র্যাবের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকার নির্বাচিত কাউন্সিলর চৌধুরী আলমকে তিন বছর আগে গুম করার পর এখনো তার সন্ধান মেলেনি। ঢাকা মহানগরে ২২ জন নেতা-কর্মীকে গুম করা হয়েছে। এভাবে আজ দেশটাকে মৃত্যু উপত্যকায় পরিণত করা হয়েছে।”
গুম-খুন ও অপহরণের বিরুদ্ধে সোচ্চার হতে জনগণের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা।
সরকারের প্রতি নতুন নির্বাচন দেয়ার দাবি জানিয়ে ফখরুল বলেন, “এখনো সময় আছে, ভালোয় ভালোয় নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন। অন্যথায় আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকারের দাবি মানতে আপনাদের বাধ্য করা হবে।”
সভাপতির বক্তব্যে মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা বলেন, “মুক্তিযুদ্ধে আমাদের প্রাণপ্রিয় সেনা, বিমান ও নৌবাহিনী অংশ নিয়েছে। আমিও মুক্তিযুদ্ধে ২ নম্বর সেক্টরে সেনাবাহিনীর মেজর খালেদ মোশাররফ ও মেজর হায়দারের অধীনে প্রশিক্ষণ নিয়ে যুদ্ধ করেছি। স্বাধীনতা যুদ্ধের সময় দেখেছি, একজন মেজর কিভাবে নিজের জীবন উৎসর্গ করতে রাস্তায় নেমেছিলেন। অথচ আজকে অর্থের জন্য মানুষ হত্যা করছে সেনাবাহিনীর একজন মেজর। এটা হতে পারে না।”
তিনি বলেন, “র্যাবের মধ্যে সেনাবাহিনীর সদস্য সংখ্যা বেশি। সরকার চক্রান্ত করে আমাদের সেনাবাহিনীর ভাবমূর্তি বিনষ্ট করতে র্যাবের ভেতরে নিয়োজিত সেনা কর্মকর্তাদের দিয়ে গুম-অপহরণ ও খুনের ঘটনা ঘটাচ্ছে। অবিলম্বে র্যাবের কার্যক্রম বন্ধ করা হউক। এভাবে মানুষ হত্যা কোনো ভাবে মেনে নেয়া যায় না।”
সমাবেশে অন্যদের মধ্যে যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু, উলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক, ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, বর্তমান সভাপতি আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, মহানগর যুগ্ম আহবায়ক বজলুল বাসিত আনজু প্রমুখ বক্তব্য রাখেন।
