আবারো র্যাব বিলুপ্তির দাবি জানালো বিএনপি
অর্থ আত্মসাতের অভিযোগে র্যাবের এক কোম্পানি কমান্ডারসহ ১৮ সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার পর আবারো এই বিশেষ বাহিনীর বিলুপ্তি চেয়েছে বিএনপি।
সোমবার দুপুরে এক সমাবেশে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দাবি তোলেন।
তিনি বলেন, “মহানগর পুলিশের ডিএমপি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, অর্থ আত্মসাতের অভিযোগে র্যাব-৩ এর কমান্ডারসহ ১৮ সদস্য প্রত্যাহার করা হয়েছে। র্যাবের বিরুদ্ধে এরকম নানা অভিযোগ এখন সর্বস্তরে পৌঁছে গেছে। সবাই বলছে, বেশির ভাগ গুম-অপহরণের ঘটনার পেছনে র্যাবের বিরুদ্ধেই অভিযোগ।
“দেশের একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান টাকার বিনিময়ে মানুষ হত্যা করতে পারে, তা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। এমতাবস্থায় র্যাবের মতো প্রতিষ্ঠানের আর কোনো প্রয়োজনীয়তা নেই। আমাদের নেত্রী ও দেশের বিশিষ্ট নাগরিকরা র্যাবের বিলুপ্তি দাবি করেছেন।”
সোমবার ঢাকা মহানগর পুলিশের মুখপত্র ডিএমপি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, র্যাব-৩ এর অপরাধ প্রতিরোধ কোম্পানি (সিপিসি) ৩ এর কমান্ডার মেজর আলী আহসানসহ ওই কোম্পানির সব সদস্যকে রোববার দায়িত্ব থেকে সরিয়ে সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
র্যা বের মহাপরিচালক মোখলেছুর রহমানও তাদের প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।
জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী যুব দল মহানগর দক্ষিণের উদ্যোগে সারাদেশে গুম-খুন-হত্যা-মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এই সমাবেশ হয়।
মির্জা ফখরুল আলমগীর বলেন, “বিলুপ্তির দাবি তোলার পর আওয়ামী লীগের নেতারা বলছেন, র্যাব ভালো কাজ করছে। এর বিলুপ্তির প্রয়োজন নেই।
“বিএনপি আমলে দেশে জঙ্গি ও সন্ত্রাস দমনের জন্য র্যাব গঠন করা হয়েছিল। ওই সময়ে র্যাব ভালো কাজ করেছিল। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর র্যাবকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে। আজ তারা মানুষের নিরাপত্তার পরিবর্তে জীবনহরণ করছে। এখন এই প্রতিষ্ঠান আর থাকার প্রয়োজনীয়তা নেই।’’
এর আগে নারায়ণগঞ্জের কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের পর খুন করার ঘটনায় র্যাবের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তা বিলুপ্তির দাবি জানান দলের চেয়ারপারসন খালেদা জিয়া।
র্যাব বিলুপ্তির দাবির কারণ ব্যাখ্যা করে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “গত তিন মাসে ৩১০ জন নেতাকর্মীকে গুম ও অপহরণ করা হয়েছে। গোটা দেশে এখন গুম-অপহরণের ঘটনা নিত্যনৈমিত্তিক ব্যাপার। এসব গুমের সঙ্গে রাষ্ট্রের আইনশৃক্সখলা বাহিনী জড়িত হয়ে পড়েছে- এটাই ভয়ানক উদ্বেগের কারণ।’’
নারায়ণগঞ্জের ৭ খুনের ঘটনার সঙ্গে র্যা ব-১১ এর অধিনায়কসহ তিন কর্মকর্তার জড়িত থাকার কথা উল্লেখ করে ফখরুল বলেন, “গতকাল কুমিল্লাতে সাবেক সংসদ সদস্য হীরুর পরিবারের র্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করেছে। এই সরকার আসার পর থেকে আমরা বার বার বলে আসছি, সাদা পোষাকে র্যাব পরিচয়ে ঢাকা সিটি করপোরেশনের নির্বাচিত কাউন্সিলর চৌধুরী আলম, দলের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে তুলে নিয়ে গেছে। এরপর থেকে তারা নিখোঁজ। এভাবে অনেককে গুম করা হয়েছে। নারায়ণগঞ্জের নৃশংস ঘটনার পর গোটা দেশের মানুষ এর বিরুদ্ধে সোচ্চার হয়েছে।”
সরকারের সমালোচনা করে তিনি বলেন, “আওয়ামী লীগ ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে জনগণকে বঞ্চিত করে জোর করে জগদ্দল পাথরের মতো ক্ষমতায় বসে আছে। তারা আজ দেশকে সামরিক স্বৈরতন্ত্রের চেয়েও খারাপ অবস্থায় নিয়ে গেছে।’’
গত পাঁচ বছরে দুর্নীতির মাধ্যমে সরকার দেশকে তলাবিহীন ঝুড়ির দিকে নিয়ে গেছে বলেও মন্তব্য করেন ফখরুল।
এ অবস্থা থেকে উত্তরণে যুব দলকে পাড়ায়-মহল্লায় সংগঠিত হয়ে সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
“গায়ের জোরে সরকার বিরোধী দলকে নিশ্চিহ্ন করে ক্ষমতায় থাকতে চায়। তারা ক্ষমতায় থাকলে দেশপ্রেমিক শক্তিকে ধ্বংস করে দেবে। তাই এই তাবেদার সরকারকে হটিয়ে নির্দলীয় সরকার প্রতিষ্ঠার আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে হবে।”
ভারতের হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা জানিয়ে দেয়া চিঠির প্রসঙ্গ তুলে বলেন, “প্রধানমন্ত্রী তার চিঠিতে ভারতের হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেছেন- আপনি ভারতের জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগও জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করেছে। আমরা উভয়েই জনগণের ম্যান্ডেট প্রাপ্ত। তাই এক সঙ্গে কাজ করতে চাই।”
বিএনপি মহাসচিব বলেন, “প্রধানমন্ত্রী এরকম বক্তব্য লিখে হাস্যকর ব্যক্তিতে পরিণত হয়েছেন। একথা সবাই জানে-আওয়ামী লীগ জনগণের ম্যান্ডেট ছাড়াই একতরফা নির্বাচন করে ক্ষমতায় বসেছে। ৯৫ ভাগ মানুষ ৫ জানুয়ারির ভোট দিতে ভোট কেন্দ্রে যায়নি।”
মহানগর দক্ষিণের সিনিয়র সহসভাপতি মাসুদ আহমেদ খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু ও ছাত্র দলের সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব বক্তব্য রাখেন।
