বাঁশখালীতে আ.লীগ কর্মীকে গুলি করে হত্যা
চট্টগ্রামের বাঁশখালীর দুর্গম পাহাড়ি এলাকায় স্থানীয় এক আওয়ামী লীগ কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত শামসুল ইসলাম (৪২) বাঁশখালী উপজেলার ৪ নং পুঁইছড়ি ইউনিয়নের মৃত এজাহার মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে পুঁইছড়ির মিয়া মার্কেট এলাকায় তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
বাঁশখালী থানার ওসি কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলা সদরে দলের এক কর্মসূচিতে অংশ নিয়ে বাড়ি ফিরছিলেন শামসুল। মিয়া মার্কেটে বাজার করে বাড়ির দিকে রওনা হলে পাশের পাহাড় থেকে এক দল দুর্বৃত্ত নেমে এসে তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়দের বরাত দিয়ে ঘটনাস্থল থেকে ওসি কামরুল বলেন, “শামসুলের স্থানীয় একটি পক্ষের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরেই প্রতিপক্ষের লোকজন তাকে গুলি করে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।”
