২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাজমুল হুদার নেতৃত্বে এলো বিএনএ

বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্স(বিএনএ) নামে নতুন দল নিয়ে এসেছেন সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদা, যদিও বিএনএফের নাম বদলে এই নাম দেয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2014, 09:24 PM

Updated : 13 Oct 2022, 12:04 PM

বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে দলের নেতাদের পরিচয় করিয়ে দেন নাজমুল হুদা।

দলের চেয়ারম্যান হয়েছেন তিনি নিজেই। ভাইস চেয়ারম্যান করা হয়েছে অধ্যাপক ফিরোজউদ্দিন আহমেদকে।

এছাড়া ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ জিয়া, হাবিবুর রহমান ও শামসুল আলম খান এবং মহাসচিবের দায়িত্ব পালন করবেন সাবেক সেনা কর্মকর্তা এম শহিদুর রহমান।

নাজমুল হুদা বলেন, “কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে আমি নতুন রাজনৈতিক দল গঠন করছি। আসলে সেটি সঠিক নয়। আমি একটিই রাজনৈতিক দল ঘোষণা করেছিলাম, তা হল- বিএনএফ।

“কিন্তু বিএনএফ নামটা বিএনপির সঙ্গে বিভিন্নভাবে বিভ্রান্তি সৃষ্টি করেছে... নাম নিয়ে বিএনপির সাথে বিভ্রান্তি, প্রতীক নিয়ে বিভ্রান্তি, অনেকে বলছেন বিএনপিকে আমি ভাঙার চেষ্টা করছি। এইসব বিভ্রান্তি ও কনফিউশন আমাদের পথচলাকে বাধাগ্রস্ত করছে।

“সেজন্য আমরা ঠিক করেছি, আমাদের দলটির নাম পরিবর্তন করে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) স্থলে বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্স (বিএনএ) হিসেবে নামকরণ করব।”

আগামী পাঁচ বছরে বিএনএকে সংগঠিত করে ২০১৯ সালের জাতীয় নির্বাচনে অংশ নেয়ার লক্ষ্যের কথাও জানান সাবেক মন্ত্রী নাজমুল হুদা।

বিএনপির প্রতিষ্ঠাকালীন স্থায়ী কমিটির সদস্য নাজমুল হুদাকে ২০১২ সালের ৬ জুন দলের সব কমিটি থেকে অব্যাহতি দেয় বিএনপি, যদিও নেতৃত্বের সঙ্গে মতের মিল না হওয়ায় নিজেই দল ছেড়েছিলেন বলে দাবি করেন নাজমুল হুদা।

এরপর একই বছরঅগাস্ট মাসে নাজমুল হুদা বিএনএফ গঠনের ঘোষণা দেন।২০১৩ সালের ফেব্রুয়ারিতে নিজেকে ওই দল থেকে সরিয়ে নেন তিনি।

নির্বাচন কমিশনে বিএনএফ’র নিবন্ধন পাওয়া নিয়ে তোড়জোড়ের মধ্যে বিএনএফর প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক নাজমুল হুদা ও দলের প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ পরস্পরকে বহিষ্কারের পাল্টাপাল্টি ঘোষণা দেন।

পরে আজাদের নেতৃত্বে দশম সংসদ নির্বাচনে অংশ নেয় বিএনএফ,নির্বাচনে ঢাকার একটি আসন থেকে সংসদ সদস্যও নির্বাচিত হন আবুল কালাম আজাদ।

সংবাদ সম্মেলনে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন নাজমুল হুদা।

আগামী পাঁচ বছরের আগে নির্বাচনের সম্ভাবনা আছে বলে মনে করেন না তিনি।

নাজমুল হুদা বলেন, “এই সরকারকে ৫ বছরের আগে টলানো যাবে না। সুতরাং আগাম নির্বাচনও হবে না।

“যে সব রাজনৈতিক দল সরকারের পতন ও আগাম নির্বাচনের দাবিতে আন্দোলন করছে তারা কতটুকু সফল হবে, জনগণের কাছে তাদের দাবি নিয়ে আদৌ পৌঁছাতে পারবে কি না তা নিয়ে জনমনে যথেষ্ট সন্দেহ আছে।”

বিএনপির ৫ জানুয়ারির নির্বাচন বর্জনের সিদ্ধান্তেরও সমালোচনা করেন তিনি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ডাক পেলে সাড়া দেবেন কি না জানতে চাইলে তিনি বলেন, “উনি একটি দলের নেতৃত্ব দিচ্ছেন, আমিও একটি দলের নেতৃত্ব দিচ্ছি। নিজের দল ছেড়ে যাওয়ার তো প্রশ্ন ওঠে না।

“যদিও বিএনপি আমার সাবেক দল, কিন্তু বিএনপি যেভাবে পরিচালিত হচ্ছে..তার পলিসির সঙ্গে একমত পোষণ না করার কারনেই তো আমি বিএনপি ছেড়ে এসেছিলাম। বিএনপির পলিসিতে এখনো কোন পরিবর্তন আসেনি।”