২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মুক্তি পাচ্ছেন’ গয়েশ্বর

ইসলামী ছাত্রশিবির নেতা মানছুর প্রধানীয়া হত্যা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় হাই কোর্ট থেকে জামিন পেয়েছেন।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2014, 05:08 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

বুধবার বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি মো. রুহুল কুদ্দুসের বেঞ্চ তাকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেয়ার পাশাপাশি কেন স্থায়ী জামিন দেয়া হবে না- জানতে চেয়ে রুলও দেয়।

গত ২৯ এপ্রিল হাই কোর্ট এ মামলায় বিএনপির যুগ্মমহাসচিব আমানউল্লাহ আমানকে জামিন দিলেও গয়েশ্বরের জামিন আবেদনের শুনানিতে ‘বিব্রত’ হন এক বিচারক।

গয়েশ্বর সম্প্রতি ‘সব কোর্ট মুজিব কোটে বন্দি’ বলার পর গয়েশ্বরকে তলব করেছিল হাই কোর্টের একটি বেঞ্চ।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

জামিন পাওয়ায় এখন গয়েশ্বরের কারামুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী নিতাই রায় চৌধুরী।

আদালতের আদেশের পর তিনি সাংবাদিকদের বলেন, “তার (গয়েশ্বর) বিরুদ্ধে মোট ১৪টি মামলা রয়েছে। তবে এই মামলা ছাড়া অন্য সবগুলোতে তিনি আগে থেকেই জামিনে ছিলেন। এখন তার মুক্তিতে কোনো বাধা নেই।”

গত বছরের ২৯ ডিসেম্বর খালেদা জিয়ার ডাকা ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচি চলাকালে রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া কাঁচাবাজারের সামনে সংঘর্ষে দক্ষিণখান থানা ছাত্রশিবিরের সভাপতি মানছুর নিহত হন।

এ ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও যুগ্ম মহাসচিব আমানকে আসামি করে রামপুরা থানার এসআই আল মামুন ৩০ ডিসেম্বর হত্যা মামলা দায়ের করেন।

২০ এপ্রিল মুখ্য মহানগর হাকিম আদালতে আমান-গয়েশ্বরের জামিন নামঞ্জুর হলেও অসুস্থতার কারণে মির্জা আব্বাসকে জামিন দেয়া হয়।

২৭ এপ্রিল দায়রা জজ আদালতেও আমান ও গয়েশ্বরের জামিন আবেদন খারিজ হয়। পরে তারা হাই কোর্টে আসেন।