গয়েশ্বরের শুনানিতে ‘বিব্রত’ বিচারক
শিবির নেতা মানছুর প্রধানীয়া হত্যা মামলায় বিএনপি নেতা আমান উল্লাহ আমানকে জামিন দিলেও আরেক আসামি গয়েশ্বর চন্দ্র রায়ের জামিন আবেদনের শুনানিতে ‘বিব্রত’ হয়েছেন এক বিচারক।
মঙ্গলবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ আমানকে ছয় মাসের জামিন দেন।
তবে গয়েশ্বরের শুনানিতে কনিষ্ঠ বিচারপতি জাফর আহমেদ বিব্রতবোধ করেন বলে জানান আবেদনকারীর আইনজীবী মো. সগীর হোসেন লিওন।
বিচারক আবেদনটি ফেরত দেয়ায় আসামিপক্ষ এখন সেটি হাই কোর্টের যে কোনো বেঞ্চে নিতে পারবে।
আদালতে আবেদনকারী পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী ও মাহবুব উদ্দিন খোকন। সঙ্গে ছিলেন মো. সগীর হোসেন লিওন।
ফাইল ছবি
আইনজীবী লিওন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত আমান উল্লাহ আমানকে ছয় মাসের জামিন দিয়েছে। তবে গয়েশ্বর চন্দ্র রায়ের শুনানিতে জুনিয়র বিচারক বিব্রতবোধ করেছেন। তবে তিনি বিব্রতবোধ করার কারণ উল্লেখ করেননি।”
গত বছরের ২৯ ডিসেম্বর ১৮ দলের ডাকা ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচি চলাকালে রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া কাঁচাবাজারের সামনে সংঘর্ষে দক্ষিণখান থানা ছাত্রশিবিরের সভাপতি মানছুর প্রধানীয়া নিহত হন।
এ ঘটনায় রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন বাদি হয়ে রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানকে আসামি করা হয়।
২০ এপ্রিল মুখ্য মহানগর হাকিম আদালতে আমান-গয়েশ্বরের জামিন নামঞ্জুর হলেও অসুস্থতার কারণে মির্জা আব্বাসকে জামিন দেয়া হয়।
২৭ এপ্রিল দায়রা জজ আদালতেও আমান ও গয়েশ্বরের জামিন আবেদন খারিজ হয়।
