২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিএনপি এখন মাজা ভাঙা সাপের মতো’

দেশের বাইরে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপিকে দুইভাবে মূল্যায়ন করলেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের দুই মন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2014, 10:08 PM

Updated : 22 Aug 2022, 06:10 PM

রোববার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি সেন্টারে একটি সেমিনারে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, “নতুন প্রজন্মকে বিভ্রান্ত করার ষড়যন্ত্রের অংশ হিসেবে সুপরিকল্পিতভাবে তথ্য সন্ত্রাস, বাক সন্ত্রাস করা হচ্ছে। তাই তারেক রহমানের আজগুবি ও উদ্ভট কথাকে হালকাভাবে দেখার অবকাশ নেই।”

একই অনুষ্ঠানে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বিএনপির বর্তমান অবস্থাকে ‘মাজা ভাঙা সাপের’ সঙ্গে তুলনা করেন।

তিনি বলেন, ‘সারা বাংলাদেশের কথা আমি বলতে পারবো না। তবে রাজধানী ঢাকায় বিএনপি-জামায়াত আর কখনোই কিছু করতে পারবে না। বিএনপির অবস্থা এখন মাজা ভাঙা সাপের মতো।’

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে ‘সাকসেস স্টোরি অব শেখ হাসিনা গভর্নমেন্ট অ্যান্ড হিরোইক হিস্টোরি অব বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইফুল ইসলাম এবং আয়োজক সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বক্তব্য রাখেন।

সঞ্চালক ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ।

খাদ্যমন্ত্রী কামরুল বলেন, “১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন। সে সময়ে কখনোই তিনি ১৫ অগাস্ট নিজের জন্মদিন পালন করেননি। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই জন্মদিন পালন শুরু করেন জামায়াত-শিবির এবং একাত্তরের  পরাজিত শত্রুদের খুশি করতে।”

মায়া বলেন, “মা ও ছেলে ফাউল টক করছে। আগে মা বলতো, এখন ছেলে আগে বলে এবং মা তা অনুসরণ করে। এসব পাগলামি নয়। এ ধরনের কথাবার্তা হচ্ছে ‘রাজনৈতিক শয়তানি’।”

শেখ হাসিনার প্রশাসন শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে রয়েছে দাবি করে দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী বলেন, “দেশে যে ধারায় কাজ চলছে, তাতে বলা যায়, ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। সে সময় যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়ায় যারা প্রবাসী হয়েছেন, তারাও হয়তো নিজ দেশে ফিরতে শুরু করবেন।”