জামিন পাননি গয়েশ্বর, আমান
শিবির নেতা মানছুর প্রধানীয়া হত্যা মামলায় বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় ও আমান উল্লাহ আমানকে জামিন দেয়নি আদালত।
রোববার জামিন আবেদনের শুনানি শেষে এই দুই বিএনপি নেতার জানি নামঞ্জুর করেন মহানগর দায়রা জজ জহুরুল হক।
বিএনপিসহ ১৮ দলের কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতের এক শিবির নেতা নিহতের ঘটনায় করা হত্যা মামলার প্রধান আসামি বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান।
এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির অপর সদস্য মির্জা আব্বাসও আসামি।
এর আগে ২০ এপ্রিল মুখ্য মহানগর হাকিম আদালতেও এই দু’জনের জামিন নামঞ্জুর করে। সেদিন একই মামলায় অসুস্থতার কারণে শুধুমাত্র মির্জা আব্বাসকে জামিন দেয়া হয়।
গত বছরের ২৯ ডিসেম্বর বিএনপিসহ ১৮ দলের ডাকা ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচি চলাকালে রামপুরা থানার মালিবাগ চৌধুরীপাড়ার কাঁচাবাজারের সামনে দক্ষিণখান থানা ছাত্রশিবিরের সভাপতি মানছুর প্রধানীয়া নিহত হন।
এঘটনায় রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন বাদি হয়ে রমনা থানায় এ হত্যা মামলা দায়ের করেন।
