২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর একক সিদ্ধান্তে দল পরিচালনা নয়: এরশাদ

এতোদিন একাই দলীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে এলেও এখন সবার সহযোগিতা নিয়ে দল পরিচালনার ওপর গুরুত্ব দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2014, 04:34 PM

Updated : 25 Apr 2022, 04:06 PM

রোববার সকালে গুলশানের স্পেকট্রা কনভেনশন সেন্টারে দলের সভাপতিমণ্ডলির সদস্য ও দলীয় সাংসদদের যৌথ সভা শুরুর আগে তিনি একথা বলেন।

সাবেক সামরিক শাসক এরশাদ বলেন, “একক সিদ্ধান্তে নয়, ভবিষ্যতে সবার সহযোগিতা নিয়ে দল পরিচালিত হবে।”

নব্বইয়ের পর অনেক চড়াই-উৎরাত পেরিয়ে জাতীয় পার্টি এখন সুসংগঠিত বলে মন্তব্য করেন তিনি।

নিজের বিরুদ্ধে ৭৪টি মামলার কথা তুলে ধরে এরশাদ বলেন, “আমি কখনো শৃঙ্খলমুক্ত হয়ে রাজনীতি করতে পারিনি।

বক্তব্য শেষে স্ত্রী রওশন এরশাদকে কিছু বলার অনুরোধ করলেও তিনি কথা বলেননি।

এ সময় জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্বে আসা জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, “এরশাদ দলের উন্নয়ন আর সংগ্রামের প্রতীক। ক্ষমতায় থাকতে তিনি দেশের উন্নয়নে কাজ করেছেন। তার চেয়ে বেশি সময় সমসাময়িক কোনো নেতা জেলেও থাকেননি।”

আগামীতে দেশের বৃহত্তম দল নয়, বরং প্রধান দল হয়ে সরকার গঠনের অভিপ্রায়ও প্রকাশ করেন তিনি।

কার্যকর বিরোধী দল

সভাপতিমণ্ডলির সদস্যদের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জাতীয় পার্টির মহাসচিব বাবলু।

তিনি বলেন, বিরোধী দল মানেই অশ্রাব্য গালিগালাজ বা সংসদ বর্জন নয়।

“একটা কার্যকর বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি সংসদের বাইরে ও ভেতরে দায়িত্ব পালন করতে চায়।”

নব্বই দশকের পর সংসদে কার্যকর বিরোধী দল ছিল না দাবি করে জাতীয় পার্টির এই নেতা বলেন, “নবম জাতীয় সংসদে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া কেবল ১০ দিন উপস্থিত ছিলেন।”

দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা শুরু করতে উদ্যোগ নেবেন জানিয়ে নতুন মহাসচিব বাবলু বলেন, “জাতীয় পার্টিকে গণতন্ত্রের দিকে নিতে চাই। দলে গণতন্ত্র না থাকলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করা যাবে না।”

তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে দলীয় নেতাকর্মীদের সোচ্চার হওয়ার আহ্বান জানান জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ চালু, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে মনোযোগী হওয়া এবং খাদ্যে ভেজালবিরোধী অভিযান চালিয়ে যেতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বাবলু বলেন, দলকে সংগঠিত করতে আগামী মে-জুনে সারা দেশে গণসংযোগ করা হবে। এছাড়া ডিসেম্বরে দলের কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সভায় দলের প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, মশিউর রহমান রাঙ্গা, তাজুল ইসলাম চৌধুরী, গোলাম হাবিব দুলাল, সালমা ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

তবে এরশাদের ছোট ভাই ও দলের প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের এবং সদ্য বিদায়ী মহাসচিব রুহুল আমিন হাওলাদার সভায় অংশ নেননি।