এখন বিজয়ীদের শপথে বাধা: বিএনপি
উপজেলা নির্বাচনের আগে বিরোধী জোটের প্রার্থীদের হয়রানির পর এখন বিজয়ীদের শপথ নিতেও বাধা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।
উপজেলায় পাঁচ পর্বের নির্বাচনের পর বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্মমহাসচিব সালাহউদ্দিন আহমেদ এই অভিযোগ করেন।
উপজেলায় চেয়ারপদে বিজয়ের হিসাবে তিন পর্বে বিএনপি এগিয়ে থাকলেও পরের দুই পর্বে তাদের ছাড়িয়ে যায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিএনপির অভিযোগ, তাদের বিজয় ছিনিয়ে নেয়া হয়েছে।
সালাহউদ্দিন বলেন, “বিরোধী দলের নির্বাচিত চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের শপথ নেয়ার আগে গ্রেপ্তার করা হচ্ছে। অনেকে মিথ্যা মামলার শিকার হয়ে শপথ অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না।”
উপজেলা নির্বাচন শেষ হওয়ার পর সারাদেশে সন্ত্রাস,সহিংসতা ও নাশকতার এক ‘বীভৎস’ পরিবেশ সরকার তৈরি করেছে বলেও দাবি করেন তিনি।
টাঙ্গাইলের গোপালপুর, সিলেট, লক্ষ্মীপুর, রাজবাড়ী, জামালপুর, নোয়াখালী, বাগেরহাট, কক্সবাজার, কিশোরগঞ্জ, ঝিনাইদহে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।
সালাহউদ্দিন বলেন, “সরকারের সন্ত্রাস ও তাণ্ডব দেখে মনে হচ্ছে, আওয়ামী বাকশালী ক্ষমতার শেষ বসন্ত উদযাপিত হচ্ছে।”
উপজেলা নির্বাচনে কারচুপির অভিযোগ পুনরায় তুলে ধরে তার জন্য নির্বাচন কমিশনের সমালোচনাও করেন তিনি।
“সরকারি দলের সন্ত্রাসীদের সহযোগিতা দানই ছিল আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের মূল দায়িত্ব। এই দলবাজ ইসি উপজেলা নির্বাচনকালীন সময়ে সংঘাত সৃষ্টিতে সহযোগিতা করেছে।”
এইচএসসির সময় কর্মসূচি নয়
চলমান এইচএসসি পরীক্ষার সময়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়, এমন কোনো কর্মসূচি বিএনপি দেবে না বলে জানিয়েছেন যুগ্মমহাসচিব সালাহউদ্দিন।
নির্দলীয় সরকারের দাবিতে গত বছর বিএনপির আন্দোলন কর্মসূচির কারণে পাবলিক পরীক্ষা পেছাতে হয়, যার তীব্র সমালোচনা করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বৃহস্পতিবার শুরু হওয়া মাসব্যাপী এইচএসসি পরীক্ষার সময় কোনো কর্মসূচি দেয়া হবে কি না- জানতে চাইলে সালাহউদ্দিন বলেন, “জনদুর্ভোগ হয়, এমন কোনো কর্মসূচি আমরা দেব না।
“জনগণের দাবিকে সম্পৃক্ত করে জনগণকে সঙ্গে নিয়ে আমরা অবৈধ সরকারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলব।”
সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করীম শাহিন, সহ ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, রফিক শিকদার, শামসুল আলম তোফা উপস্থিত ছিলেন।
