২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৪ নেতা কারাগারে

দুই মামলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি সভাপতি শাহজাহান মিয়াসহ চার নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2014, 05:00 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

বুধবার মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক সেলিম রেজা  এ আদেশ দেন।

কারাগারে যাওয়া অন্যরা হলেন সফিকুল ইসলাম, আলী আহমেদ ও হিমেল।

এ আদেশের পর আদালত চত্বর থেকে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় জেলা বিএনপি।

চাঁপাইনবাবগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক তোরিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বছরের ৩১ ডিসেম্বর শিবগঞ্জ বণিক সমিতির সভাপতি এনামুল হককে তার শিবগঞ্জ বাজারের দোকানে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় পুড়িয়ে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে থানার এসআই গোলাম মোস্তফা বাদী হয়ে এ বছর ২ জানুয়ারি একটি মামলা করেন।

এছাড়া গত বছরের ২ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী গোলাম রব্বানীর  (বর্তমানে সংসদ সদস্য) বাড়িতে আগুন দেয়া হয়।

এ ঘটনায় ৩ মার্চ বাড়ির কেয়ারটেকার আজিজুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা করেন।

তোরিকুল ইসলাম জানান, এ দুটি মামলায় আসামিরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে।

জেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

চার নেতাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদে বিকালে শিবগঞ্জ উপজেলা এবং বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ১৯ দল।

বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সম্পাদক হারুনুর রশিদ আদালত চত্বরে আইনজীবী সমিতির ভবনের সামনে মাইকে এ ঘোষণা দেন।