২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির জামায়াত-হেফাজত সঙ্গ ত্যাগের অবস্থানেই ইইউ

বিএনপির জামায়াত এবং হেফাজতে ইসলামের সঙ্গ ত্যাগ করার বিষয়ে আগের অবস্থানেই রয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2014, 09:57 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে এই বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে সফররত ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল।

জ্যঁ ল্যামবার্টের নেতৃত্বে প্রতিনিধি দল বাংলাদেশে গণতন্ত্রের ধারা অব্যাহত দেখতে চায় বলে জানিয়েছে। জাতীয় সংসদ ভবনে এই বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা জানান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল। সাক্ষাতে প্রতিনিধি দল গত ১৬ জানুয়ারি ইউরোপীয় পার্লামেন্টে নেয়া প্রস্তাবের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করে। ওই প্রস্তাবে পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলার সংস্কৃতি বিনির্মাণে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানানো হয়।

এছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত দলকে নিষিদ্ধ করার পক্ষে অবস্থান জানানোর পাশাপাশি জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলাম থেকে দূরে থাকতে বিএনপিকে আহ্বান জানানো হয়। মাহবুবুল হক বলেন, “ইউরোপীয় ইউনিয়ন বলেছে, তারা বাংলাদেশে গণতন্ত্রের ধারা অব্যাহত দেখতে চায়। “তারা জামায়াত এবং হেফাজতে ইসলামের সঙ্গ ত্যাগ করতে বিএনপির প্রতি আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।” আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রুটিমুক্ত ইভিএম পদ্ধতি নির্বাচনকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে পারে বলে মন্তব্য করলে এ ব্যাপারে সহযোগিতার আশ্বাস দেয় প্রতিনিধি দল।

বৈঠকে তৈরি পোশাক  শিল্পের উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। পোশাক শ্রমিকদের মজুরি দুই দফা বাড়িয়ে পাঁচ হাজার ৩০০ টাকা করার কথা উল্লেখ করে শেখ হাসিনা তাদের আবাসনের জন্য ডরমেটরি নির্মাণের উদ্যোগ এবং নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার বিষয়টিও উল্লেখ করেন। পোশাক শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর নেয়া উদ্যোগের প্রশংসা করেন ইউরোপীয় পার্লামেন্ট প্রতিনিধি দল, বলেন শাকিল। “তৈরি পোশাক শিল্পের জন্য পৃথক পার্ক করার কথাও প্রধানমন্ত্রী বলেছেন। সেখানে প্রতিটি কারখানা কমপ্লায়েন্স মেনে চলবে বলেও তিনি প্রতিনিধি দলকে জানিয়েছেন।” সাক্ষাতকালে প্রধানমন্ত্রী আরো বলেন, কারচুপির নির্বাচনের সংস্কৃতি থেকে বাংলাদেশে বেরিয়ে এসেছে।

বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, ইউরোপীয় ইউনিয়নের মিশন প্রধান উইলিয়াম হানা,  বেলজিয়ামে বাংলাদেশের রাষ্ট্রদূত ইসমত জাহান উপস্থিত ছিলেন।