২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদের সঙ্গে খালেদার বৈঠক

ঢাকা সফররত ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2014, 08:29 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঘণ্টাব্যাপী এই বৈঠকের বিষয়বস্তু নিয়ে কোনো পক্ষই সাংবাদিকদের কিছু বলেনি।

তবে বিএনপির এক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি এবং পোশাক শিল্পের পরিবেশ নিয়ে আলোচনা হয়েছ।

বৈঠকে ইউরোপীয় পার্লামেন্টের চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জ্যঁ ল্যামবার্ট। ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশের মিশন প্রধান উইলিয়াম হানাও বৈঠকে ছিলেন।

খালেদার সঙ্গে ছিলেন বর্তমানে বিএনপি নেতা সাবেক তিন কূটনীতিক  রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ ও শমসের মবিন চৌধুরী।

৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচন ইউরোপীয় ইউনিয়নের মনঃপুত হয়নি, যে নির্বাচন বিএনপি বর্জন করে।

বিএনপি নেতৃত্বাধীন জোটের বর্জনের মধ্যে অনুষ্ঠিত ওই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আওয়ামী লীগ টানা দ্বিতীয়বারের মতো সরকার গঠন করে।

ওই নির্বাচন ‘বিশ্বাসযোগ্য’ হয়নি বলে ইউরোপীয় পার্লামেন্টে একটি প্রস্তাব ওঠে, যাতে বাংলাদেশের জনগণকে নিজেদের মত প্রকাশের সুযোগ করে দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি সমঝোতার আহ্বান জানানো হয়।