সাঈদীর ছেলে উপজেলা চেয়ারম্যান
যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
রোববার অনুষ্ঠিত নির্বাচনে পিরোজপুরের জিয়ানগর উপজেলায় জামায়াতে ইসলামীর সমর্থনে চেয়ারম্যান পদে দাঁড়িয়ে বিজয়ী হয়েছেন মাসুদ সাঈদী।
বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলের সমর্থন পাওয়া মাসুদ ২১ হাজার ৭৭ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আব্দুল খালেক গাজী আনারস প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৬১৫ ভোট। তবে অনিয়মের অভিযোগ এনে ক্ষমতাসীন দল সমর্থিত এই প্রার্থী ফল প্রত্যাখ্যান করেছেন।
জামায়াতের নায়েবে আমির সাঈদীকে গণহত্যা, ধর্ষণ, ধর্মান্তরের বাধ্য করার দায়ে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছে। এর বিরুদ্ধে তিনি আপিল করেছেন, যার শুনানি আপিল বিভাগে চলছে।
সাঈদী পিরোজপুর থেকে দুই বার সংসদ সদস্য নির্বাচিত হন। জিয়ানগর উপজেলা ওই নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত।
নির্বাচন কমিশনে দেয়া তথ্য অনুযায়ী, এইচএসসি পাস মাসুদ ঢাকার নয়া পল্টনের আল ফালাহ প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক। পাশাপাশি আল ফালাহ মাল্টিপারপাস সোসাইটির পরিচালক তিনি।
নিজের সম্পত্তির বিবরণীতে .৩২ বোরের একটি পিস্তল থাকার কথাও জানিয়েছেন সাঈদীর ছেলে।
