'ভোট কারচুপির ষড়যন্ত্র চলছে'
চতুর্থ দফা উপজেলা পরিষদ নির্বাচনে চট্টগ্রামের সাত উপজেলায় কারচুপি ও কেন্দ্র দখলের 'ষড়যন্ত্র' করছে আওয়ামী লীগ বলে অভিযোগ করেছেন বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
রোববার দেশের ৪৩টি জেলার ৯১ টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ দফায় চট্টগ্রাম জেলার ফটিকছড়ি, রাউজান, রাঙ্গুনিয়া, বোয়ালখালী, আনোয়ারা, সাতকানিয়া ও বাঁশখালী উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নোমান বলেন, ২৩ মার্চ চট্টগ্রাম জেলার সাত উপজেলায় অনুষ্ঠিতব্য নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ভোট কারচুপি ও কেন্দ্র দখলের গভীর ষড়যন্ত্র করছে।
তিনি প্রশাসনকে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, "অন্যথায় উদ্ভূত যেকোন পরিস্থিতির জন্য প্রশাসন দায়ী থাকবে।"
আর ভোট কারচুপি ও কেন্দ্র দখলের চেষ্টা করা হলে আন্দোলনের কঠোর কর্মসূচি ঘোষণা করার হুমকিও দেন।
বিবৃতিতে নির্বাচনের শুরু থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দিতে বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান নোমান।
