২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চারঘাটে ছাত্রদলকর্মীর রগ কেটেছে দুর্বৃত্তরা

রাজশাহীর চারঘাট উপজেলায় এক ছাত্রদলকর্মীর হাত-পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2014, 10:54 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

রোববার রাতে এ ঘটনা আহত রকি হোসেনকে (২২) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রকি চারঘাটের মিয়া পাড়া এলাকার সমসের আলীর ছেলে। তিনি চারঘাট এমএ হাদি কলেজের ছাত্র। নির্বাচনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

জেলা ছাত্রদলের সভাপতি শফিকুল ইসলাম তার (রকি) রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেন।

চারঘাট থানার ওসি গোলাম মোর্তজা বলেন, রাত সোয়া ৮টার দিকে চারঘাট পিডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে দুর্বৃত্তরা রকির বাম হাতের কব্জি ও দুই পায়ের হাঁটুর নিচে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

এতে তার হাত ও পায়ের রগ কেটে গেছে বলে জানান তিনি।

ওসি জানান, ঘটনার পর উত্তেজনা সৃষ্টি হলে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠি-সোটা নিয়ে চারঘাট বাজারে দুই পাশে পৃথকভাবে অবস্থান নেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

আতঙ্কে চারঘাট বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায় বলেও জানান তিনি।