হুমকি ছেড়ে নিয়মতান্ত্রিক রাজনীতিতে আসুন: খালেদাকে হানিফ
হুমকি না দিয়ে নিয়মতান্ত্রিক রাজনীতিতে আসতে খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ।
রোববার রাজধানীর গণগ্রন্থাগার মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্যে তিনি বিএনপি চেয়ারপারসনের প্রতি এই আহ্বান জানান।
হানিফ বলেন, “গত এক বছরে এমন কোনো নৈরাজ্য নেই, যা তারা করেনি। আন্দোলনের নামে মানুষ হত্যা, বাসে আগুনসহ সর্বপ্রকার সহিংসতা গত ১ বছর জনগণ দেখেছে। এখন বিএনপি চেয়ারপারসন আবার আন্দোলনের হুমকি দিচ্ছেন।”
বর্তমান সরকারকে ‘অবৈধ’ বলে খালেদার বক্তব্যের প্রতিবাদে জানিয়ে আওয়ামী লীগ নেতা বলেন,“আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত সরকার।
“নির্বাচনে না আসার সিদ্ধান্ত ছিল আপনাদের। দয়া করে নিজেদের ভুলের দায় জনগণের ওপর চাপাবেন না।”
এদিকে বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ে এক সভায় আওয়ামী লীগের যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর কবির নানক উপজেলা নির্বাচন নিয়ে বিএনপির বক্তব্যের সমালোচনা করেন।
“যখন নির্বাচনে জয়লাভ করবেন, তখন বলবেন নির্বাচন ভাল হয়েছে, আর যখন পরাজিত হবেন, তখন বলবেন কারচুপি হয়েছে- এই দ্বৈতনীতি ত্যাগ করে পরাজয় মেনে নেয়ার মানসিকতা তৈরি করুন।”
খালেদা জামায়াত-শিবিরকে নিয়ে শক্তি সঞ্চয় করে দেশে অস্থিরতা তৈরি করতে চাইছে বলেও দাবি করেন নানক।
