দুজনকে জাপার প্রেসিডিয়াম সদস্য বানালেন এরশাদ
দুইজনকে দলের প্রেসিডিয়াম ফোরামের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মাদ এরশাদ।
এরা হলেন, পার্টির কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য ও লন্ডন বাংলা টাইমস পত্রিকার প্রধান সম্পাদক তাজ রহমান এবং এরশাদের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশীদ।
জাতীয় পার্টির গঠনতন্ত্রের ৩৯ নং ধারা অনুযায়ী এরশাদ এই সিদ্ধান্ত নিয়েছেন বলে রোববার এক বিবৃতিতে জানিয়েছেন তার রাজনৈতিক ও প্রেস সচিব সুনীল শুভ রায়।
সম্প্রতি দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়াকে কেন্দ্র করে কাজী জাফরের নেতৃত্বে জাতীয় পার্টির প্রেসিডিয়াম ফোরামের একটি অংশ দল থেকে বেরিয়ে যায়।
নতুন দুই সদস্যসহ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ জনে।
জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মূলত পার্টিকে সুসংগঠিত করার উদ্যোগ হিসেবেই স্যার এ দুজনকে প্রেসিডিয়াম ফোরামে অন্তর্ভুক্ত করেছেন।”
